কলকাতার তৃণমূল ভবনে আনুষ্ঠানিক ভাবে ঘাসফুল শিবিরে যোগ দিলেন আন্তর্জাতিক অ্যাথলিট স্বপ্না বর্মণ। দলের পতাকা হাতে তুলে দিয়ে তাঁকে স্বাগত জানান তৃণমূল নেতারা। দলে যোগ দিয়েই স্বপ্না বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায়-কে দেখে আমি প্রতি মুহূর্তে অনুপ্রাণিত হই। উনি যেভাবে মানুষের জন্য কাজ করছেন, তা অন্য কোথাও সম্ভব নয়। তাঁর উন্নয়ন কর্মকাণ্ডের শরিক হতে চেয়েছি।”
২০১৮ সালে এশিয়ান গেমস-এ সোনা জিতে দেশকে গর্বিত করেছিলেন জলপাইগুড়ির রাজবংশী পরিবারের মেয়ে স্বপ্না। পরে পিঠের চোটের কারণে অ্যাথলেটিক্স ট্র্যাকে ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার কথা জানিয়েছিলেন তিনি। বর্তমানে তিনি নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলের কর্মী।
দীর্ঘদিন ধরেই তাঁর রাজনীতিতে যোগদানের জল্পনা চলছিল। শোনা যাচ্ছিল, তিনি বিজেপিতে যোগ দিতে পারেন। তবে চলতি বছরের জানুয়ারিতে শিলিগুড়ির মহাকাল মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তাঁকে সংবর্ধনা দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সময় থেকেই তৃণমূলে যোগদানের সম্ভাবনা নিয়ে জল্পনা শুরু হয়।
শুক্রবার সকালে তৃণমূলের দপ্তরে পৌঁছে স্বপ্না আনুষ্ঠানিকভাবে দলে যোগ দেন। উপস্থিত ছিলেন গৌতম দেব, ব্রাত্য বসু এবং চন্দ্রিমা ভট্টাচার্য। তাঁদের হাত থেকেই দলের পতাকা গ্রহণ করেন তিনি।
দলে যোগ দিয়ে স্বপ্না বলেন, “গ্রাসরুট স্তর থেকে উঠে এসে বাংলাকে যে জায়গায় নিয়ে গিয়েছেন মুখ্যমন্ত্রী, তা ভাবাও যায় না। তাঁর কাজেই অনুপ্রাণিত হয়ে এই সিদ্ধান্ত নিয়েছি।” এর ফলে বিজেপিতে যোগদানের জল্পনায় কার্যত ইতি পড়ল বলে মনে করছে রাজনৈতিক মহল।










