Home / খবর / রাজ্য / ভিন রাজ্যে এসআইআর অফিসার নিয়োগ ঘিরে রাজ্য-কমিশন সংঘাত তীব্র, রাজ্যের পাঠানো তালিকা খারিজ করল নির্বাচন কমিশন

ভিন রাজ্যে এসআইআর অফিসার নিয়োগ ঘিরে রাজ্য-কমিশন সংঘাত তীব্র, রাজ্যের পাঠানো তালিকা খারিজ করল নির্বাচন কমিশন

ভিন রাজ্যে এসআইআর (বিশেষ নিবিড় সংশোধন) প্রক্রিয়ায় অফিসার নিয়োগকে কেন্দ্র করে রাজ্য সরকার ও নির্বাচন কমিশনের সংঘাত আরও তীব্র হল। রাজ্যের তরফে পাঠানো অফিসারদের বিকল্প নামের তালিকা খারিজ করে দিল জাতীয় নির্বাচন কমিশন। বুধবার একটি ই-মেল মারফত সিইও অফিসকে জানিয়ে দেওয়া হয়, আগে যে ১০ জন আইএএস ও আইপিএস অফিসারের তালিকা কমিশন নির্দিষ্ট করেছিল, সেটিই বহাল থাকবে।

এই তালিকায় রয়েছেন রাজ্যের স্বরাষ্ট্রসচিব জগদীশ প্রসাদ মীনা-সহ দুই পুলিশ কমিশনার। উল্লেখযোগ্য নামের মধ্যে রয়েছেন হাওড়ার পুলিশ কমিশনার প্রবীন ত্রিপাঠি, উলগানাথান, সঞ্জয় বানশাল এবং শুভাঞ্জন দাস। রাজ্য সরকারের তরফে আবেদন জানানো হয়েছিল, তাঁরা অত্যন্ত সিনিয়র পদমর্যাদার হওয়ায় তাঁদের পরিবর্তে অন্য আধিকারিকদের নাম গ্রহণ করা হোক। কিন্তু বুধবার কমিশন স্পষ্ট জানিয়ে দেয়, তাদের নির্ধারিত তালিকাতেই কোনও পরিবর্তন করা হবে না।

প্রসঙ্গত, পশ্চিমবঙ্গ, অসম, কেরল, তামিলনাড়ু ও পুদুচেরিতে আসন্ন বিধানসভা নির্বাচন উপলক্ষে পশ্চিমবঙ্গের ২৫ জন সিনিয়র অফিসারকে কেন্দ্রীয় অবজারভার হিসেবে নিয়োগের তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন। সেই তালিকার বিরুদ্ধেই রাজ্যের পক্ষ থেকে পাল্টা একটি নামের তালিকা পাঠানো হয়েছিল। তবে কমিশনের তরফে তা খারিজ হওয়ায়, গোটা এসআইআর পর্বে রাজ্য-কমিশন সংঘাত আরও জোরালো হল বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকেরা।

আগামী বৃহস্পতিবার দিল্লিতে শুরু হচ্ছে কেন্দ্রীয় অবজারভারদের প্রশিক্ষণ। নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে, পর্যবেক্ষকদের জন্য নির্ধারিত ব্রিফিং বৈঠক অনুষ্ঠিত হবে ৫ ও ৬ ফেব্রুয়ারি, ২০২৬।

নির্বাচনের সময়ে আইপিএস ও আইএএস পদমর্যাদার আধিকারিকদের ভিন রাজ্যে পর্যবেক্ষক হিসেবে পাঠানো কমিশনের নিয়মের মধ্যেই পড়ে। তবে কোনও রাজ্যের স্বরাষ্ট্রসচিব বা পুলিশ কমিশনার পদমর্যাদার অফিসারদেরও বাইরে পাঠানোর ঘটনা বিরল বলেই মনে করছেন প্রশাসনিক মহলের একাংশ।

alternatetext
Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *