পশ্চিমবঙ্গ-সহ দেশের ন’টি রাজ্য এবং তিনটি কেন্দ্রশাসিত অঞ্চলে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ায় বড়সড় প্রভাব। নির্বাচন কমিশনের প্রকাশিত প্রাথমিক খসড়া তালিকা অনুযায়ী, এই পর্বে সবমিলিয়ে প্রায় সাড়ে ছ’কোটি ভোটারের নাম আপাতত বাদ গিয়েছে।
নির্বাচন কমিশন জানিয়েছে, ২০২৪ সালের লোকসভা নির্বাচনের সময় সংশ্লিষ্ট ১২টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে মোট ভোটার ছিলেন প্রায় ৫০ কোটি ৯০ লক্ষ। এনুমারেশন বা তথ্য সংগ্রহ পর্ব শেষ হওয়ার পরে সেই সংখ্যা কমে দাঁড়িয়েছে ৪৪ কোটি ৮০ লক্ষে।
বিহারের পর দ্বিতীয় দফায় এই ১২টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এসআইআর প্রক্রিয়া চলছে। পশ্চিমবঙ্গ ছাড়াও এই তালিকায় রয়েছে তামিলনাড়ু, কেরল, উত্তরপ্রদেশ, রাজস্থান, ছত্তীসগঢ়, গোয়া, গুজরাত, মধ্যপ্রদেশ এবং কেন্দ্রশাসিত অঞ্চল লক্ষদ্বীপ, পুদুচেরি ও আন্দামান-নিকোবর। গত ৪ নভেম্বর থেকে এনুমারেশন ফর্ম বিলির কাজ শুরু হয়। পরে কয়েকটি রাজ্যকে বাড়তি সময় দেয় কমিশন। সর্বশেষ রাজ্য হিসেবে ৬ জানুয়ারি উত্তরপ্রদেশ খসড়া ভোটার তালিকা প্রকাশ করে।
পরিসংখ্যান বলছে, সবচেয়ে বেশি ভোটার বাদ পড়েছে উত্তরপ্রদেশে। সেখানে প্রায় ২ কোটি ৮৯ লক্ষ ভোটারের নাম খসড়া তালিকায় নেই, যা রাজ্যের মোট ভোটারের প্রায় ১৮.৭ শতাংশ। ২০২৪ সালের লোকসভা নির্বাচনে উত্তরপ্রদেশে ভোটার ছিলেন ১৫ কোটি ৪৪ লক্ষ। নতুন খসড়া তালিকায় সেই সংখ্যা নেমে এসেছে ১২ কোটি ৫৫ লক্ষে।
পশ্চিমবঙ্গেও বাদ পড়ার সংখ্যা কম নয়। খসড়া তালিকায় রাজ্যের প্রায় ৭.৬ শতাংশ ভোটারের নাম নেই। সংখ্যার হিসেবে যা প্রায় ৫৮ লক্ষ ২০ হাজারের কিছু বেশি। এসআইআর প্রক্রিয়াকে ঘিরে রাজ্যজুড়ে ইতিমধ্যেই বিতর্ক ও রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে।










