শনিবার থেকেই রাজ্যে শুরু হচ্ছে ভোটার-শুনানি। প্রথম দফায় ডাকা হয়েছে ‘ম্যাপিং’-এ বাদ পড়া ভোটারদের। অর্থাৎ, ২০০২ সালের ভোটার তালিকার সঙ্গে যাঁদের কোনও ম্যাপিং করা যায়নি, সেই ৩১ লক্ষ ৬৮ হাজার ৪২৪ জনের শুনানি হবে এই পর্যায়ে। ইতিমধ্যেই তাঁদের হাতে শুনানির নোটিস পৌঁছে গিয়েছে।
রাজ্যের ২৯৪টি বিধানসভা কেন্দ্রেই এই শুনানি চলবে। প্রতিটি কেন্দ্রে থাকবে দু’টি বা তার বেশি শুনানিকেন্দ্র। প্রতিটি শুনানিকেন্দ্রে ১১টি করে টেবিল থাকবে। ব্যবস্থাপনার দায়িত্বে থাকবেন সংশ্লিষ্ট বিধানসভা কেন্দ্রের এক জন ইআরও, ১০ জন এইআরও এবং ১১ জন মাইক্রো অবজ়ার্ভার। বুথ স্তরের আধিকারিকরা শুনানিতে উপস্থিত থাকতে পারবেন। অনুমতি থাকলে বিএলও সুপারভাইজ়ারও থাকতে পারবেন। তবে এ ছাড়া বাইরের কোনও ব্যক্তির উপস্থিতি নিষিদ্ধ।
শুনানি চলাকালীন প্রতিটি ভোটারের ছবি তোলা হবে এবং সেই ছবি সরাসরি কমিশনে পাঠানো হবে। প্রামাণ্য নথি হিসেবে নির্বাচন কমিশন আগেই ১৩টি নথির তালিকা প্রকাশ করেছে। শুনানিতে অংশ নেওয়া ভোটারকে ওই তালিকা থেকে অন্তত একটি নথি জমা দিতে হবে। তবে ‘নো-ম্যাপিং’ বা ‘সন্দেহজনক’ তালিকায় থাকা ভোটারদের ক্ষেত্রে প্রয়োজনে একাধিক নথি দেখাতে হতে পারে।










