Home / খবর / রাজ্য / এসআইআর: ফর্ম জমা দেওয়ার সময়সীমা বাড়াল কমিশন, পিছিয়ে গেল খসড়া তালিকা প্রকাশের দিনক্ষণও

এসআইআর: ফর্ম জমা দেওয়ার সময়সীমা বাড়াল কমিশন, পিছিয়ে গেল খসড়া তালিকা প্রকাশের দিনক্ষণও

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়া আরও সাত দিন পিছিয়ে দিল নির্বাচন কমিশন। পশ্চিমবঙ্গ-সহ দেশের ১২টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে চলমান এই প্রক্রিয়ার গুরুত্বপূর্ণ সময়সীমাগুলি পরিবর্তন করে রবিবার নতুন বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

৪ নভেম্বর শুরু হওয়া এসআইআর প্রক্রিয়া অনুযায়ী পূর্বনির্ধারিত সময়সীমা ছিল ৪ ডিসেম্বরের মধ্যে এনুমারেশন ফর্ম আপলোড এবং ৯ ডিসেম্বর খসড়া তালিকা প্রকাশ। চূড়ান্ত তালিকা প্রকাশের তারিখ ছিল ৭ ফেব্রুয়ারি, ২০২৬। তবে নতুন সিদ্ধান্ত অনুযায়ী প্রত্যেকটি ধাপই এক সপ্তাহ করে পিছিয়ে দেওয়া হয়েছে।

নতুন সময়সূচি অনুযায়ী—

এনুমারেশন ফর্ম সংগ্রহ ও আপলোডের কাজ সম্পন্ন করতে হবে ১১ ডিসেম্বরের মধ্যে।
• ১২ থেকে ১৫ ডিসেম্বর খসড়া তালিকা প্রস্তুতির কাজ চলবে।
• খসড়া ভোটার তালিকা প্রকাশিত হবে ১৬ ডিসেম্বর, মঙ্গলবার।
• খসড়া তালিকা নিয়ে আপত্তি, অভিযোগ ও দাবি জানানো যাবে আগামী ১৫ জানুয়ারি পর্যন্ত।
• এরপর ১৬ ডিসেম্বর থেকে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত ইআরও-রা আপত্তি নিষ্পত্তি, শুনানি ও যাচাই-বাছাইয়ের কাজ করবেন।
• ১০ ফেব্রুয়ারির মধ্যে চূড়ান্ত তালিকার অনুমোদন নিতে হবে এবং ১৪ ফেব্রুয়ারি প্রকাশ করা হবে চূড়ান্ত ভোটার তালিকা।

পশ্চিমবঙ্গ ছাড়াও গুজরাত, ছত্তীসগঢ়, কেরল, রাজস্থান, মধ্যপ্রদেশ, তামিলনাড়ু, গোয়া, উত্তরপ্রদেশ, পুদুচেরী, আন্দামান ও নিকোবর এবং লক্ষদ্বীপে একই প্রক্রিয়া চলছে। বিভিন্ন রাজ্যে বাড়ি বাড়ি গিয়ে ফর্ম বিলি ও সংগ্রহ করেছেন বুথ লেভেল অফিসাররা (বিএলও)। এরপর সেই ফর্ম কমিশনের পোর্টালে আপলোড করাও তাঁদের দায়িত্ব।

ইতিমধ্যেই বাংলাসহ একাধিক জায়গা থেকে বিএলও-রা এসআইআর-এর অতিরিক্ত কাজের চাপ নিয়ে অভিযোগ জানাচ্ছিলেন। অনলাইন আপলোডে সমস্যা, বাড়তি সময় ধরে কাজ করা, শারীরিক-মানসিক চাপে অসুস্থ হয়ে পড়া— এমন নানা ইস্যুতে ক্ষোভ বাড়ছিল। কিছু জায়গায় আত্মহত্যার ঘটনাও সামনে এসেছে। পরিস্থিতি বিবেচনা করে কমিশন সময়সীমা বাড়িয়েছে বলেই মনে করা হচ্ছে, যদিও বিজ্ঞপ্তিতে এই পরিবর্তনের কারণ আলাদা করে উল্লেখ করা হয়নি।

alternatetext
Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *