আজ দক্ষিণ ২৪ পরগনার আমতলায় বড় রাজনৈতিক পালাবদল ঘটতে চলেছে। বিদ্রোহী সিপিএম নেতা প্রতীক-উর রহমান আনুষ্ঠানিক ভাবে যোগ দিচ্ছেন তৃণমূল কংগ্রেস-এ। আমতলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়-এর সাংসদ কার্যালয়ে এই যোগদান কর্মসূচি অনুষ্ঠিত হবে। সেখানেই অভিষেকের হাত থেকে তৃণমূলের পতাকা গ্রহণ করবেন প্রতীক-উর।
উল্লেখযোগ্য বিষয়, দু’বছর আগে লোকসভা নির্বাচনে ডায়মন্ড হারবার কেন্দ্রে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধেই সিপিএম-এর প্রার্থী হিসেবে লড়াই করেছিলেন প্রতীক-উর। সেই রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার পর তাঁর এই অবস্থান বদল যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।
কয়েক দিন আগে প্রতীক-উর রাজ্য কমিটি, জেলা কমিটি এবং দলের প্রাথমিক সদস্যপদ থেকে ইস্তফা দেওয়ার কথা উল্লেখ করে চিঠি দেন। দলীয় গঠনতন্ত্র অনুযায়ী তাঁকে বহিষ্কার করা সম্ভব হলেও সিপিএম সেই পথে হাঁটেনি। বরং কৌশলী অবস্থান নিয়ে তাঁকে দলে ধরে রাখার চেষ্টা চালানোর ইঙ্গিত দেয় রাজ্য কমিটি। দলের একাংশ প্রকাশ্যে তাঁর পাশে দাঁড়ান। প্রবীণ নেতা বিমান বসু-ও তাঁর সঙ্গে যোগাযোগ করেছিলেন বলে জানা যায়।
এদিকে প্রতীক-উর সংবাদমাধ্যমে মুখ খুলে রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম-কে কড়া ভাষায় আক্রমণ করেন। এমনকি তাঁকে ‘সিপিএমের গব্বর সিং’ বলেও মন্তব্য করেন। তাঁর দাবি, সূর্যকান্ত মিশ্র-র সময় দলে মত প্রকাশ ও প্রশ্ন তোলার সুযোগ ছিল, কিন্তু এখন দল কর্পোরেট সংস্কৃতির দিকে এগিয়েছে।
এই পরিস্থিতিতে প্রতীক-উরের তৃণমূলে যোগদান দক্ষিণ ২৪ পরগনার রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করতে পারে বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকেরা। এখন দেখার, এই ঘটনার প্রভাব আগামী দিনে কতটা পড়ে।










