রাজ্যে ফের বাড়ল নিপা ভাইরাসের (Nipah Virus) আতঙ্ক। বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে কর্মরত আরও দু’জন স্বাস্থ্যকর্মীর শরীরে নিপা সংক্রমণের উপসর্গ দেখা দিয়েছে। আক্রান্তদের মধ্যে একজন নার্স এবং অন্যজন হাউস স্টাফ। দু’জনকেই সতর্কতামূলক ভাবে কলকাতার বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে এবং বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন তাঁরা।
হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, এই দু’জনই বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিপায় আক্রান্ত এক নার্সের চিকিৎসার সঙ্গে যুক্ত ছিলেন। সেই সংস্পর্শের পরেই তাঁদের শরীরে জ্বর ও অন্যান্য উপসর্গ দেখা দেয়। পরিস্থিতি গুরুত্ব সহকারে বিবেচনা করে দ্রুত তাঁদের বেলেঘাটা আইডিতে স্থানান্তর করা হয়।
এ দিকে, নিপা ভাইরাসে আক্রান্ত বারাসতের দুই স্বাস্থ্যকর্মীর অবস্থাও অত্যন্ত আশঙ্কাজনক। তাঁরা এখনও কোমায় রয়েছেন বলে জানা গিয়েছে। দু’জনেরই গ্লাসগো কোমা স্কেলের তিনটি সূচক—চোখ খোলা, মৌখিক প্রতিক্রিয়া এবং মোটর রেসপন্স—সব ক’টিই ৫-এর নিচে রয়েছে। বিশেষ করে সিস্টার নার্সের অবস্থা সবচেয়ে সংকটজনক। পুণের ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজি (NIV) থেকে তাঁর রিপোর্টে নিপা পজিটিভ এসেছে বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে।
নিপায় আক্রান্ত ওই দুই স্বাস্থ্যকর্মী যশোর রোডের বারাসত রথতলা সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে কর্মরত ছিলেন। কয়েক দিন আগে আক্রান্ত সিস্টার নার্স বাড়িতে যান। গত ৩১ তারিখ তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন এবং প্রথমে কাটোয়া হাসপাতালে ভর্তি হন। সেখানে দু’দিন চিকিৎসার পর অবস্থার অবনতি হওয়ায় তাঁকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেই সময়ই তাঁর সংস্পর্শে আসেন একজন হাউস স্টাফ ও এক নার্স, যাঁদের শরীরেও পরে উপসর্গ ধরা পড়ে।
পরিস্থিতির উপর কড়া নজর রেখেছে স্বাস্থ্য দফতর। নিপা সংক্রমণ রুখতে সংস্পর্শে আসা সকলের খোঁজখবর নেওয়া হচ্ছে এবং প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে।










