Home / খবর / রাজ্য / প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় স্বস্তি পেলেন মন্ত্রী চন্দ্রনাথ সিংহ, বহাল থাকল জামিন

প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় স্বস্তি পেলেন মন্ত্রী চন্দ্রনাথ সিংহ, বহাল থাকল জামিন

প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের কারা ও ক্ষুদ্র–কুটির শিল্পমন্ত্রী চন্দ্রনাথ সিংহকে বড় স্বস্তি দিল আদালত। ইডির বিরোধিতা সত্ত্বেও তাঁর জামিন বহাল থাকল। তবে বৃহস্পতিবার ও শুক্রবার (২৫ ও ২৬ সেপ্টেম্বর) তাঁকে ইডি দফতরে হাজিরা দিতে হবে এবং তদন্তে সম্পূর্ণ সহযোগিতা করতে হবে।

ইডি ইতিমধ্যেই এই মামলায় চন্দ্রনাথের নামে চার্জশিট জমা দিয়েছে। পার্থ চট্টোপাধ্যায়ের পর তিনিই প্রথম মন্ত্রী যাঁর বিরুদ্ধে চার্জশিট পেশ করা হয়েছে। কেন্দ্রীয় সংস্থা তাঁকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে চাইছিল। কিন্তু গত ৬ সেপ্টেম্বর চন্দ্রনাথ বিচারভবনের বিশেষ আদালতে আত্মসমর্পণ করে জামিন চান। ব্যক্তিগত বন্ডে জামিন মঞ্জুরও হয়। বুধবার আদালত জানিয়ে দিল, সেই নির্দেশই বহাল থাকবে। আপাতত ইডি তাঁকে হেফাজতে নেবে না।

মন্ত্রীকে প্রাথমিক নিয়োগ মামলা নিয়ে দু’দিন প্রশ্ন করবে ইডি। প্রয়োজনে পরে ফের তাঁকে ডাকা হতে পারে। আদালতের রায় শোনার পর চন্দ্রনাথ বলেন, “বিচারব্যবস্থার উপর আমার পূর্ণ আস্থা আছে। আমি কোনও অন্যায় করিনি।”

এর আগে ইডি চন্দ্রনাথের বাড়িতে তল্লাশি চালিয়ে প্রায় ৪১ লক্ষ টাকা উদ্ধার করেছিল। পরে তিনি দু’বার হাজিরা এড়ালেও গত মাসে হঠাৎই ইডি দফতরে যান। এরই মধ্যে চার্জশিট জমা দেয় কেন্দ্রীয় সংস্থা। তার পর আদালতে আত্মসমর্পণ করে জামিন পান চন্দ্রনাথ।

আপাতত পুজোর মুখে খানিকটা স্বস্তি পেলেও আদালতের শর্ত মেনে চলতে হবে তাঁকে। বিধানসভা কেন্দ্র এবং কলকাতা ছাড়া অন্য কোথাও যাওয়ার অনুমতি নেই মন্ত্রীর, যত দিন না শুনানি শেষ হচ্ছে।

alternatetext
Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *