নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মদিনে রেড রোডের সুভাষ স্মরণ মঞ্চ থেকে ফের একবার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) ইস্যুতে কেন্দ্র ও নির্বাচন কমিশনকে তীব্র ভাষায় আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর প্রশ্ন, “নেতাজি বেঁচে থাকলে তাকেও কি নাগরিকত্বের প্রমাণ দিতে হত?” নেতাজির প্রপৌত্র চন্দ্র বসুকে এসআইআর শুনানিতে তলব করা নিয়েও প্রবল ক্ষোভ প্রকাশ করেন তিনি।
২৩ জানুয়ারি নেতাজির জন্মদিন উপলক্ষে রাজ্য সরকারের আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, আজও নেতাজির জন্মদিন জাতীয় ছুটি হিসেবে ঘোষিত হয়নি। তাঁর অন্তর্ধান রহস্যের কোনও সমাধান হয়নি বলেও আক্ষেপ করেন তিনি। “আমরা জানি নেতাজির জন্মদিন, কিন্তু মৃত্যুদিন বলতে পারি না। কেন আজও এই রহস্যের কিনারা হল না?”— প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রী।
এরপরই এসআইআর প্রসঙ্গে সরব হন মমতা। তিনি বলেন, “নেতাজি বেঁচে থাকলে কি তাঁকেও হিয়ারিংয়ে ডাকা হত? কৈফিয়ত চাওয়া হত তিনি ভারতীয় কি না? নেতাজির প্রপৌত্র চন্দ্র বসুকেও তো ডাকা হয়েছে।” এই প্রসঙ্গে আমজনতার হয়রানি নিয়েও ক্ষোভ উগরে দেন তিনি।
মুখ্যমন্ত্রীর দাবি, “বাংলার ১ কোটি ৩৮ লক্ষ মানুষকে শুনানিতে ডাকা হয়েছে। তার আগে একতরফা ভাবে ৫৮ লক্ষ ভোটারের নাম বাদ দেওয়া হয়েছে। সব মিলিয়ে প্রায় ২ কোটি মানুষ এই প্রক্রিয়ার আওতায় পড়েছেন। ৭ কোটি ভোটারের মধ্যে ২ কোটি বাদ গেলে কত জন অবশিষ্ট থাকে?”
এসআইআরের নামে ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার পিছনে বিজেপি ও নির্বাচন কমিশনের চক্রান্ত রয়েছে বলেও ফের অভিযোগ তোলেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি তিনি জানান, বৃদ্ধ, অসুস্থ ও সাধারণ মানুষের হয়রানি বন্ধের দাবিতে তিনি একাধিকবার মুখ্য নির্বাচন কমিশনারকে চিঠি লিখেছেন। তবে এখনও পর্যন্ত সমস্যার স্থায়ী সমাধান হয়নি বলেও অভিযোগ করেন মুখ্যমন্ত্রী।










