মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি: রাজীব বসু
কলকাতার রেড রোড-এ ইদের নামাজের মঞ্চ থেকেই এসআইআর ইস্যুতে ফের কেন্দ্রকে তীব্র আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভোটার তালিকায় নাম কাটা নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি জানান, এই ইস্যুতে তাঁর লড়াই ভবিষ্যতেও জারি থাকবে। একইসঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-কে সরাসরি নিশানা করেন তিনি।
শনিবারের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। ইদের শুভেচ্ছা জানানোর পরেই মমতা এসআইআর প্রসঙ্গ তুলে বলেন, বহু মানুষের নাম তালিকা থেকে বাদ পড়েছে এবং সেই অন্যায়ের বিরুদ্ধে তিনি আদালত পর্যন্ত লড়াই চালিয়ে যাচ্ছেন। তাঁর দাবি, মানুষের অধিকার রক্ষায় এই সংগ্রাম অব্যাহত থাকবে।
প্রধানমন্ত্রীকে আক্রমণ করে মুখ্যমন্ত্রী বলেন, দেশের মানুষের অধিকার খর্ব করতে দেওয়া হবে না। বিদেশ সফরে সৌহার্দ্যের বার্তা দেওয়া হলেও দেশে ফিরে বিভাজনের রাজনীতি করা হচ্ছে বলেও অভিযোগ তোলেন তিনি। পাশাপাশি বিজেপির বিরুদ্ধেও তীব্র ভাষায় আক্রমণ শানিয়ে বাংলার সম্প্রীতি নষ্টের চেষ্টার বিরুদ্ধে হুঁশিয়ারি দেন।

অন্যদিকে, সংক্ষিপ্ত বক্তৃতায় অভিষেক বন্দ্যোপাধ্যায় ঐক্য ও সম্প্রীতির বার্তা তুলে ধরেন। ধর্মীয় ভেদাভেদ ভুলে মানবতার স্বার্থে একজোট হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, বাংলার ঐতিহ্যই হল মিলন ও সহাবস্থান।










