Home / খবর / রাজ্য / এসআইআর নিয়ে বিএলএ-দের সঙ্গে বৈঠকে মমতা, ২২ ডিসেম্বর নেতাজি ইন্ডোরে সভা

এসআইআর নিয়ে বিএলএ-দের সঙ্গে বৈঠকে মমতা, ২২ ডিসেম্বর নেতাজি ইন্ডোরে সভা

কলকাতায় দলের বুথ লেভেল এজেন্টদের সঙ্গে বৈঠক করবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী ২২ ডিসেম্বর নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে এই বৈঠক অনুষ্ঠিত হবে। কলকাতার পাশাপাশি হাওড়া ও হুগলি জেলার একাংশের বিএলএ-দেরও সেখানে ডাকা হয়েছে।

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ায় কোনও বৈধ ভোটারের নাম যাতে বাদ না যায়, সে বিষয়ে শুরু থেকেই তৃণমূল নেতৃত্বকে সতর্ক থাকতে নির্দেশ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এসআইআর প্রক্রিয়ায় রাজনৈতিক দলগুলির বিএলএ-দের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিএলও-দের সঙ্গে তাঁরাই ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে যাচাইয়ের কাজ করেন এবং বৈধ ভোটারের নাম যাতে বাদ না পড়ে, সেদিকে নজর রাখেন।

খসড়া ভোটার তালিকা প্রকাশের পর বিভিন্ন জায়গায় একাধিক অভিযোগ সামনে এসেছে। জীবিত ব্যক্তিকে মৃত দেখানো হয়েছে বলে অভিযোগ উঠেছে। হুগলির ডানকুনির এক তৃণমূল কাউন্সিলরকেও খসড়া ভোটার তালিকায় মৃত দেখানো হয়েছে বলে অভিযোগ। এই বিষয়কে কেন্দ্র করে নির্বাচন কমিশনের বিরুদ্ধে সরব হয়েছে তৃণমূল শিবির।

আগামী ২৩ ডিসেম্বর থেকে ভোটার তালিকা সংক্রান্ত শুনানি শুরু করবে নির্বাচন কমিশন। খসড়া তালিকায় নাম থাকা ব্যক্তিকেও সেই শুনানিতে ডাকা হতে পারে। এই পরিস্থিতিতে চূড়ান্ত ভোটার তালিকায় কোনও বৈধ ভোটারের নাম যাতে বাদ না যায়, তা নিশ্চিত করতে আগেভাগেই তৎপর হয়েছে তৃণমূল কংগ্রেস। কমিশনের শুনানি শুরুর ঠিক আগের দিন দলের বিএলএ-দের সঙ্গে বৈঠক করে কী বার্তা দেন মমতা বন্দ্যোপাধ্যায়, সেদিকেই এখন নজর রাজনৈতিক মহলের।

alternatetext
Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *