পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর)-এর প্রথম ধাপ— এনুমারেশন ফর্ম আপলোড— শেষ হয়েছে বৃহস্পতিবার। আগামী মঙ্গলবার প্রকাশ হবে খসড়া ভোটার তালিকা। কিন্তু এনুমারেশন ফর্ম জমা দিলেও নাম তালিকায় উঠেছে কি না, তা নিয়ে দুশ্চিন্তা করছেন অনেকে। সেই বিভ্রান্তি দূর করতে খসড়া তালিকা যাচাইয়ের দু’টি সহজ উপায় জানাল নির্বাচন কমিশন— অনলাইন ও অফলাইন।
অনলাইন পদ্ধতি
ইসিআই-এর ওয়েবসাইট eci.gov.in, সিইও ওয়েস্ট বেঙ্গল ceowestbengal.wb.gov.in অথবা ইসিআই নেট অ্যাপে গিয়ে নিজের নাম বা এপিক নম্বর দিলে জানা যাবে খসড়া তালিকায় নাম রয়েছে কি না। যে জেলায় ভোটার বাস করেন, সেই জেলার জেলা নির্বাচনী আধিকারিকের ওয়েবসাইট থেকেও নাম যাচাই করা যাবে।
অফলাইন পদ্ধতি
সব বুথের বিএলও-দের হাতে খসড়া তালিকার হার্ড কপি থাকবে। ভোটারেরা তাঁদের নিজ নিজ বুথের বিএলও-র কাছে গিয়ে তালিকা দেখে নিতে পারবেন। খসড়া তালিকা প্রকাশের দিন যতটা সম্ভব বুথে বসে থাকবেন বিএলও-রা।
এ ছাড়া, রাজ্যের স্বীকৃত আটটি রাজনৈতিক দলের প্রতিনিধিদের খসড়া তালিকার সফ্ট কপি দেবে সিইও দফতর। বুথ লেভেল এজেন্টদের কাছেও হার্ড কপি পৌঁছে যাবে। তাঁদের কাছ থেকেও ভোটারেরা জানতে পারবেন নাম উঠেছে কি না।
কমিশন জানিয়েছে, খসড়া তালিকা থেকে কার কার নাম বাদ পড়েছে, তারও পৃথক তালিকা প্রকাশ করা হবে। সেসব নিয়ে অভিযোগ জানানো যাবে ১৫ জানুয়ারি পর্যন্ত। ১৬ ডিসেম্বর থেকে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত ইআরও-রা শুনানি, নথি যাচাই ও নিষ্পত্তির কাজ করবেন। সব শেষে ১৪ ফেব্রুয়ারি প্রকাশিত হবে চূড়ান্ত ভোটার তালিকা।










