নতুন বছরের শুরুতেই বড় সুখবর পেল বাংলা। দেশের প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেন চালু হতে চলেছে পশ্চিমবঙ্গ থেকেই। হাওড়া থেকে অসমের গুয়াহাটি পর্যন্ত চলবে এই অত্যাধুনিক ট্রেন। কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, চলতি জানুয়ারি মাসেই পরিষেবা শুরু হবে, যদিও নির্দিষ্ট দিন এখনও ঘোষণা করা হয়নি। এই ট্রেন চালু হলে অসম যাত্রা আরও দ্রুত ও আরামদায়ক হবে বলে মনে করছে রেল।
বন্দে ভারত এক্সপ্রেসের আপগ্রেডেড সংস্করণ এই বন্দে ভারত স্লিপার। এখানে যাত্রীরা শুধু বসে নয়, শুয়ে দীর্ঘ পথ পাড়ি দিতে পারবেন। ট্রেনটির সর্বোচ্চ গতি হবে ঘণ্টায় ১৬০ কিলোমিটার। রেল সূত্রে জানা গিয়েছে, বন্দে ভারত স্লিপারে মোট ১৬টি কোচ থাকবে। এর মধ্যে ১১টি এসি থ্রি-টায়ার, ৪টি এসি টু-টায়ার এবং একটি এসি ফার্স্ট ক্লাস কোচ। সব মিলিয়ে প্রায় ৮২৩ জন যাত্রী একসঙ্গে সফর করতে পারবেন।
বর্তমানে কলকাতা থেকে গুয়াহাটি যেতে যেখানে গড়ে সাড়ে ১৭ ঘণ্টা সময় লাগে, সেখানে বন্দে ভারত স্লিপারে সেই পথ পাড়ি দেওয়া যাবে প্রায় সাড়ে ১৪ ঘণ্টায়। হাওড়া থেকে যাত্রা শুরু করে ট্রেনটি হুগলি, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ, মালদহ, জলপাইগুড়ি, কোচবিহার হয়ে অসমে ঢুকবে। কামরূপ মেট্রোপলিটন ও বনগাইগাঁও হয়ে পৌঁছবে গুয়াহাটিতে।
রেলমন্ত্রী আরও জানিয়েছেন, আগামী ছয় মাসে আরও আটটি বন্দে ভারত স্লিপার ট্রেন চালু করার পরিকল্পনা রয়েছে। বছরের শেষের মধ্যে দেশে মোট ১২টি বন্দে ভারত স্লিপার ট্রেন চালু হবে।
ভাড়া নিয়েও স্পষ্ট ধারণা দিয়েছে রেল। হাওড়া থেকে গুয়াহাটি একপিঠের ভাড়া শুরু হবে ২,৩০০ টাকা থেকে। এসি থ্রি-টায়ারের ভাড়া ২,৩০০ টাকা, এসি টু-টায়ার ৩,০০০ টাকা এবং এসি ফার্স্ট ক্লাসে ভাড়া পড়বে প্রায় ৩,৬০০ টাকা।
ইউরোপিয়ান ডিজাইনে তৈরি এই ট্রেনের কামরাগুলিতে থাকবে নরম গদি দেওয়া বার্থ, উপরের বার্থে ওঠার জন্য বিশেষ সিঁড়ি। বিমানের মতো বায়ো-ভ্যাকুয়াম টয়লেট, সিসিটিভি নজরদারি, মডিউলার প্যান্ট্রি এবং বিশেষভাবে সক্ষমদের জন্য আলাদা টয়লেটের ব্যবস্থাও থাকছে। ফার্স্ট ক্লাস কোচে থাকবে আলাদা স্নানের জায়গা। সব মিলিয়ে নতুন বন্দে ভারত স্লিপার ট্রেন যাত্রীদের জন্য একেবারে নতুন অভিজ্ঞতা দিতে চলেছে।










