Home / খবর / রাজ্য / প্রথম দিনেই উপচে পড়া ভিড়, ‘বাংলার যুব সাথী’ প্রকল্পে অনলাইনেও শুরু আবেদন

প্রথম দিনেই উপচে পড়া ভিড়, ‘বাংলার যুব সাথী’ প্রকল্পে অনলাইনেও শুরু আবেদন

চলছে যুবসাথীর রেজিস্ট্রেশন ক্যাম্প,বেহালায়। ছবি: রাজীব বসু

রাজ্যে বিধানসভা ভোটের আগে ঘোষিত ‘বাংলার যুব সাথী’ (Banglar Yuva Sathi) প্রকল্পে প্রথম দিনেই নজিরবিহীন ভিড় দেখা গেছে। রবিবার কলকাতা থেকে জেলা— সর্বত্রই আবেদনপত্র সংগ্রহ করতে ভিড় জমায় অসংখ্য যুবক-যুবতী। অফলাইনে চাপ সামাল দিতে রাতারাতি অনলাইন আবেদন প্রক্রিয়াও চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

অন্তর্বর্তী বাজেটে এই প্রকল্পের ঘোষণা করে রাজ্য সরকার। সেই অনুযায়ী ১৫ ফেব্রুয়ারি থেকে রাজ্যের ২৯৪টি বিধানসভা কেন্দ্রে ফর্ম ফিলআপ শুরু হয়েছে। প্রথম দিনেই বিপুল সাড়া মেলায় প্রশাসন অনলাইন ও অফলাইন— দুই পদ্ধতিতেই আবেদন গ্রহণের ব্যবস্থা করেছে।

অনলাইনে আবেদন করতে হলে ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ (Amader Para Amader Samadhan) পোর্টালে যেতে হবে। নির্দিষ্ট ওয়েবসাইট https://apas.wb.gov.in/ এ গিয়ে ধাপে ধাপে ফর্ম পূরণ করতে হবে। সেখানে আবেদন প্রক্রিয়ার বিস্তারিত নির্দেশিকা দেওয়া রয়েছে।

আবেদন করার আগে কিছু প্রয়োজনীয় নথি প্রস্তুত রাখতে বলা হয়েছে। সেগুলি হল— মাধ্যমিক বা সমতুল পরীক্ষার অ্যাডমিট কার্ড (PDF), মার্কশিট বা সার্টিফিকেট (PDF), আধার কার্ড (PDF), ভোটার কার্ড (PDF), ব্যাঙ্ক পাসবুকের প্রথম পাতা (PDF), প্রযোজ্য ক্ষেত্রে জাতিগত শংসাপত্র (PDF), পাসপোর্ট সাইজের সাম্প্রতিক ছবি (PDF) এবং আবেদনকারীর স্বাক্ষর (JPG বা PNG ফরম্যাট)। পাশাপাশি একটি বৈধ মোবাইল নম্বর প্রয়োজন, যেখানে ওটিপি বা সিক্রেট পিন পাঠানো হবে।

ওয়েবসাইটে ‘Apply Online’ অপশনে ক্লিক করে মোবাইল নম্বর ও ক্যাপচা এন্ট্রি করার পর ওটিপি যাচাই সম্পন্ন হলে খুলে যাবে আবেদনপত্র। ‘Basic Details’, ‘Documents’ ও ‘Final Submit’— এই তিন ধাপ সম্পূর্ণ করলেই আবেদন প্রক্রিয়া শেষ হবে। আবেদনপত্রের কপি ডাউনলোড করার সুযোগও থাকছে।

এ ছাড়াও যুব ও ক্রীড়া দপ্তরের ওয়েবসাইট https://sportsandyouth.wb.gov.in/wbyouthservices থেকেও আবেদনপত্র ডাউনলোড করা যাবে। সেখানে ‘Application Form for Banglar Yuba Sathi Scheme’ অপশনে ক্লিক করে ফর্ম সংগ্রহ করে প্রয়োজনীয় নথি-সহ সংশ্লিষ্ট ক্যাম্পে জমা দেওয়া যাবে।

প্রশাসনের আশা, অনলাইন ব্যবস্থার ফলে আবেদন প্রক্রিয়া আরও স্বচ্ছ ও সহজ হবে এবং ভিড়ের চাপ কিছুটা কমবে।

alternatetext
Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *