Home / খবর / রাজ্য / রাজভবনে তল্লাশি ঘিরে উত্তেজনা, কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থার হুঁশিয়ারি রাজ্যপালের

রাজভবনে তল্লাশি ঘিরে উত্তেজনা, কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থার হুঁশিয়ারি রাজ্যপালের

রাজভবনে তল্লাশি। ছবি: রাজীব বসু

সোমবার দুপুরে রাজভবনে দেখা গেল নজিরবিহীন চিত্র। রাজ্যপাল সিভি আনন্দ বোসের নির্দেশে বম্ব স্কোয়াড, পুলিশের বিশেষ দল ও কুকুর নিয়ে গোটা রাজভবন প্রাঙ্গণে তল্লাশি চালানো হয়। প্রায় ঘণ্টাখানেক ধরে চলা এই তল্লাশিতে কোনও সন্দেহজনক বস্তু মেলেনি।

তল্লাশি শেষেই রাজ্যপাল সরাসরি আক্রমণ করেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে। তিনি জানান, ভিত্তিহীন অভিযোগ তোলা হয়েছে, এবং এর বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। রাজ্যপালের কথায়, “ভুয়ো অভিযোগ করলে কড়া পদক্ষেপ করা হবে। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ সম্পূর্ণ মিথ্যে।”

গত কয়েক দিন ধরেই রাজ্যপাল ও শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মধ্যে বাগ্‌যুদ্ধ চড়েছে। শনিবার প্রথম কল্যাণ দাবি করেন, রাজভবনে নাকি বোমা-বন্দুক রয়েছে। সেই মন্তব্যকে ‘অবমাননাকর’ বলে পাল্টা প্রতিক্রিয়া জানায় রাজভবন। রবিবারও নিজের অবস্থানে অনড় থাকেন কল্যাণ।

এরপরই উত্তরবঙ্গ সফর থেকে ফিরে সোমবার রাজ্যপাল নিজে তল্লাশির সিদ্ধান্ত নেন। সিআরপিএফ, কলকাতা পুলিশ, বম্ব স্কোয়াড—সবাই মিলিয়ে চলে ব্যাপক অনুসন্ধান। শেষে রাজ্যপাল জানান, কোনও অভিযোগই প্রমাণিত হয়নি।

লোকসভার স্পিকারের কাছে বিষয়টি পাঠানো হবে কি না—এই প্রশ্নে রাজ্যপাল বলেন, প্রয়োজনীয় সব পদক্ষেপ সময়মতো করা হবে। মুখ্যমন্ত্রীর সঙ্গে কোনও আলোচনা হয়েছে কি না জানতে চাইলে বলেন, সাংবিধানিক আলোচনার বিষয় গোপনীয়, তবে সময় এলে সব জানানো হবে।

তল্লাশির পর রাজ্যপাল আরও বলেন, “আমি নিজেই প্রতিটি অংশ পরীক্ষা করেছি। তৃণমূল সাংসদের দাবি অনুযায়ী কোনও প্রমাণ পাওয়া যায়নি।”

alternatetext
Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *