নদিয়ার তাহেরপুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভায় যোগ দিতে এসে মর্মান্তিক দুর্ঘটনা। ট্রেনের ধাক্কায় মৃত্যু হল চার বিজেপি সমর্থকের। গুরুতর জখম অবস্থায় আরও এক জন হাসপাতালে চিকিৎসাধীন।
শনিবার রানাঘাট লোকসভা কেন্দ্রের তাহেরপুরে প্রধানমন্ত্রীর প্রশাসনিক সভা ও জনসভা রয়েছে। সেই সভায় যোগ দিতে মুর্শিদাবাদ থেকে বাস ভাড়া করে প্রায় ৪০ জন বিজেপি সমর্থক তাহেরপুরে আসেন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, তাঁদের মধ্যে পাঁচ জন ভোরের দিকে বাস থেকে নেমে রেললাইনের উপর প্রাতঃকৃত্য সারছিলেন। সেই সময় আচমকাই কৃষ্ণনগর-রানাঘাট শাখার একটি ট্রেন চলে আসে। কুয়াশার কারণে ট্রেনের আগমন টের পাননি তাঁরা।
দুর্ঘটনাটি ঘটে তাহেরপুর ও বাদকুল্লা স্টেশনের মাঝামাঝি এলাকায়। ঘটনাস্থলেই তিন জনের মৃত্যু হয়। পরে গুরুতর আহত অবস্থায় দু’জনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা আরও এক জনকে মৃত বলে ঘোষণা করেন। নিহতদের দেহ উদ্ধার করে কৃষ্ণনগর জিআরপি থানায় নিয়ে যাওয়া হয়েছে।
প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, মৃত চার জনেরই বাড়ি মুর্শিদাবাদের বড়ঞা থানা এলাকায়। দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় শোকের ছায়া নেমে আসে। ঘটনার তদন্ত শুরু করেছে রেল পুলিশ।










