সুপ্রিম কোর্ট-এর নির্দেশে আগামী ২৮ ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করতে চলেছে নির্বাচন কমিশন। তবে ওই তালিকা প্রকাশের পরেও প্রয়োজনে সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করা যাবে বলে জানিয়েছে দেশের সর্বোচ্চ আদালত। সেই নির্দেশ মেনেই নির্ধারিত দিনে তালিকা প্রকাশের প্রস্তুতি শুরু করেছে ভারত নির্বাচন কমিশন।
রাজ্যের সিইও দপ্তর সূত্রে জানা গিয়েছে, আপাতত চূড়ান্ত ভোটার তালিকায় প্রায় ৭ কোটি ৮ লক্ষ ভোটারের নাম থাকার সম্ভাবনা রয়েছে। যাঁদের নথি যাচাইয়ের প্রক্রিয়া এখনও চলছে, তাঁদের বিষয়েও তালিকায় উল্লেখ থাকবে বলে কমিশন সূত্রে জানানো হয়েছে।
বর্তমানে কলকাতা হাইকোর্ট-এর প্রধান বিচারপতির নির্দেশে মোট ৫৩০ জন জুডিশিয়াল অফিসার এসআইআর (SIR) প্রক্রিয়ার সঙ্গে যুক্ত রয়েছেন। এর মধ্যে ২৭০ জন ইতিমধ্যেই কাজ শুরু করেছেন। বাকিদের জন্য লগইন আইডি তৈরির কাজ চলছে। প্রায় ৫৮ লক্ষ ভোটারের নথি যাচাইয়ের প্রক্রিয়া বর্তমানে চলমান।
নির্বাচন কমিশনের বিজ্ঞপ্তি জারির পর গত ৪ নভেম্বর থেকে রাজ্যে এসআইআর প্রক্রিয়া শুরু হয়। প্রথম পর্যায়ে এনিউমারেশন ফর্ম বিলি এবং জমা নেওয়ার কাজ চলে ১৫ ডিসেম্বর পর্যন্ত। এরপর ১৬ ডিসেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশিত হয়। সেই খসড়া তালিকায় মোট ৭ কোটি ৬৬ লক্ষ ভোটারের নাম প্রকাশ করা হয়েছিল, যেখানে ৫৮ লক্ষ নাম বাদ পড়েছিল বলে জানানো হয়।










