জাতীয় নির্বাচন কমিশন মৃত ভোটারদের তালিকা নিয়ে আরও একবার সতর্ক করল রাজ্যকে। মঙ্গলবার রাজ্যের সিইওদের সঙ্গে বৈঠকে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার জানান, আবারও বুথভিত্তিক মৃতদের তালিকা পাঠানো হবে এবং বিএলও-দের সেই তালিকা মিলিয়ে দেখতেই হবে।
কমিশন সূত্রে খবর, আধার ডেটাবেস থেকে পাওয়া নথি এবার সরাসরি পাঠাচ্ছে নির্বাচন কমিশন। সেই তথ্যের সঙ্গে স্থানীয় রেকর্ড মিলিয়ে মৃতদের চূড়ান্ত তালিকা তৈরির নির্দেশ দেওয়া হয়েছে। কমিশনের দাবি, যেহেতু তালিকাটি বুথভিত্তিক, তাই এটি যাচাই করা মোটেই কঠিন নয়। আজ রাতের মধ্যেই প্রতিটি জেলার কাছে তালিকা পৌঁছে যাবে।
এই ইস্যুতে মঙ্গলবার রাত ৯টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে জেলা নির্বাচনী আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন সিইও তথা মুখ্য নির্বাচনী আধিকারিক। বিএলও-দের দায়িত্ব আরও কঠোরভাবে মেনে চলার নির্দেশও পাঠানো হয়েছে।
এদিকে বুধবার রাজ্যে আসছেন পাঁচজন পর্যবেক্ষক। তাঁদের সঙ্গে বৈঠক করবেন বিশেষ পর্যবেক্ষক সুব্রত গুপ্ত। মূল লক্ষ্য—SIR নিখুঁতভাবে সম্পন্ন করা।
এর আগে তপসিয়া ও তিলজলায় পরিদর্শনে গিয়ে ক্ষুব্ধ হন বিশেষ পর্যবেক্ষক সি মুরুগান। অভিযোগ, একটি বুথে ৭২০ ভোটারের মধ্যে ১০৫ জনের ফর্ম এখনও বিলি হয়নি। অনেক তথ্য কমিশনের পোর্টালে আপলোডও হয়নি। সেখানেই বিএলও-দের তীব্র ভর্ৎসনা করেন তিনি—“১০৫ জন কোথায়? কেন এখনও আপলোড হয়নি?”—প্রশ্ন ছুড়ে দেন পর্যবেক্ষক।
এই পরিস্থিতিতেই নির্বাচন কমিশনের তরফে ফের কঠোর বার্তা—মৃত ভোটারদের তালিকা নিয়ে কোনো অবহেলা বরদাস্ত করা হবে না।










