পশ্চিমবঙ্গ জুড়ে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR) প্রক্রিয়া আরও কড়া নজরদারিতে রাখতে রাজ্যে পাঠানো হচ্ছে পাঁচ জন অতিরিক্ত পর্যবেক্ষক। প্রেসিডেন্সি, মেদিনীপুর, বর্ধমান, মালদহ ও জলপাইগুড়ি—এই পাঁচ ডিভিশনে তাঁরা দায়িত্ব পালন করবেন।
এর আগে রাজ্যে এক জন বিশেষ পর্যবেক্ষক সুব্রত গুপ্তকে নিয়োগ করেছিল নির্বাচন কমিশন। পাশাপাশি ১২ জন পর্যবেক্ষক বিভিন্ন জেলায় কাজ করছেন। নতুন পাঁচ জন পর্যবেক্ষক যুক্ত হওয়ায় এবার মোট পর্যবেক্ষকের সংখ্যা দাঁড়াল ১৮।
গত শুক্রবারের বৈঠকেই কমিশন ইঙ্গিত দিয়েছিল, বাংলায় ভোটার তালিকা সংশোধনের ক্ষেত্রে এবার কোনও রকম ঢিলেমি বরদাস্ত করা হবে না। সোমবার সকালে জারি করা নির্দেশে কমিশন স্পষ্ট করেছে, এই পাঁচ পর্যবেক্ষকের প্রধান দায়িত্ব হবে—১) কোনও যোগ্য নাগরিক যাতে ভোটার তালিকা থেকে বাদ না পড়েন। ২) কোনও অযোগ্য বা অপ্রাসঙ্গিক ব্যক্তি যাতে তালিকায় অন্তর্ভুক্ত না হন। ৩) দাবি-আপত্তি নিষ্পত্তি থেকে গণনা, নোটিস যাচাই এবং চূড়ান্ত তালিকা প্রকাশ—প্রতিটি ধাপে কঠোর নজরদারি নিশ্চিত করা।
এই পাঁচ পর্যবেক্ষককে সংবিধানের ধারা ৩২৪(৬)-এর অধীনে নিয়োগ করা হয়েছে। ভোটার তালিকা সংশোধনের পুরো সময় তাঁরা জাতীয় নির্বাচন কমিশনের প্রত্যক্ষ নিয়ন্ত্রণে থেকে কাজ করবেন।
নির্বাচনের আগে ভোটার তালিকা নিয়ে কোনও অনিয়ম না হয়, তা নিশ্চিত করতেই কমিশনের এই তৎপরতা বলে মনে করা হচ্ছে।










