আনুষ্ঠানিক ভাবে এখনও প্রকাশ না হলেও বুথস্তরের আধিকারিকদের ব্যবহারের জন্য তৈরি বিএলও অ্যাপে ইতিমধ্যেই চলে এসেছে খসড়া ভোটার তালিকা। ফলে এখন থেকেই কমিশন নিযুক্ত বিএলও-রা সেই তালিকা দেখতে পাচ্ছেন। তবে সর্বসাধারণের জন্য খসড়া তালিকা প্রকাশ করা হবে মঙ্গলবার।
খসড়া তালিকা প্রকাশের পর ভোটারদের নিজেদের নাম রয়েছে কি না, তা যাচাই করে নেওয়ার পরামর্শ দিয়েছে নির্বাচন কমিশন। কমিশন জানিয়েছে, বিএলও-দের সঙ্গে যোগাযোগ করে এই তথ্য জানা যাবে। পাশাপাশি কমিশনের ‘ইসিআইনেট’ মোবাইল অ্যাপ, নির্দিষ্ট ওয়েবসাইট এবং রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের ওয়েবসাইট থেকেও নাম যাচাই করা যাবে।
খসড়া তালিকার আনুষ্ঠানিক প্রকাশের আগে কমিশনের দফতরে চলছে চূড়ান্ত প্রস্তুতি। কমিশন সূত্রে জানা গিয়েছে, ইতিমধ্যেই বিএলও অ্যাপে বুথ ধরে ধরে ভোটারদের নামের তালিকা দেখা যাচ্ছে। যাঁরা এনুমারেশন ফর্ম শুধুমাত্র সই করে জমা দিয়েছেন, তাঁদের নামও খসড়া তালিকায় রয়েছে।
এই তালিকা থেকে মৃত, অন্যত্র চলে যাওয়া, নিখোঁজ এবং একাধিক জায়গায় নাম থাকা ভোটারদের নাম বাদ দেওয়া হয়েছে। পাশাপাশি যাঁরা এনুমারেশন ফর্ম পূরণ করেননি, অর্থাৎ ভোটার হতে ইচ্ছুক নন, তাঁদের নামও খসড়া তালিকায় রাখা হয়নি। রবিবার সন্ধ্যা পর্যন্ত এমন ভোটারের সংখ্যা ছিল ৫৮ লক্ষ ২০ হাজার ৮৯৮ জন। কমিশন সূত্রে খবর, এ ছাড়া বাকি সকলের নাম খসড়া তালিকায় থাকার কথা।
ইতিমধ্যেই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর জেলাস্তরে ওয়েবসাইট প্রকাশ করেছে। সেখানে গিয়েও সংশ্লিষ্ট জেলার ভোটাররা নিজেদের নাম যাচাই করতে পারবেন। তালিকা প্রকাশের পরে প্রয়োজন অনুযায়ী কমিশনের শুনানি হবে এবং তার ভিত্তিতেই প্রস্তুত করা হবে চূড়ান্ত ভোটার তালিকা।










