Home / খবর / রাজ্য / অভিষেকের হাত ধরে তৃণমূলে ‘বিদ্রোহী’ প্রতীক-উর, বহিষ্কার করল সিপিএম

অভিষেকের হাত ধরে তৃণমূলে ‘বিদ্রোহী’ প্রতীক-উর, বহিষ্কার করল সিপিএম

দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়-এর হাত থেকে শনিবার বিকেলে তৃণমূলের ঝান্ডা তুলে নিলেন প্রতীক-উর রহমান। গত লোকসভা নির্বাচনে ডায়মন্ড হারবার কেন্দ্রে অভিষেকের বিরুদ্ধেই ভারতীয় কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী)-এর প্রতীকে লড়েছিলেন তিনি।

শনিবার দক্ষিণ ২৪ পরগনার আমতলা-য় ডায়মন্ড হারবারের সাংসদের কার্যালয়ের সামনের রাস্তায় আনুষ্ঠানিক ভাবে তৃণমূল কংগ্রেস-এ যোগ দেন সিপিএমের ‘বিদ্রোহী’ নেতা প্রতীক-উর। এই প্রথম রাস্তায় দাঁড়িয়ে কোনও নেতার তৃণমূলে যোগদান ঘিরে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে।

অভিষেক জানান, প্রতীক-উর ভোটে লড়ার টিকিট চাননি, বরং সংগঠনের কাজ করতে আগ্রহ প্রকাশ করেছেন। রাস্তায় দাঁড়িয়ে যোগদানের প্রসঙ্গে তিনি বলেন, “প্রতীক-উর পথ দেখাল, সিপিএম যেন পথে নামে!” প্রতীক-উরের বক্তব্য, “এই রাস্তাতে যোগদান করে আসলে রাস্তা দেখানো হল।”

অন্যদিকে, অভিষেকের সঙ্গে তাঁকে দেখা যাওয়ার পরই প্রতীক-উরকে দল থেকে বহিষ্কার করে সিপিএম। পার্টির গঠনতন্ত্রের ১৯ নম্বর ধারা, ১৩ নম্বর উপধারা উল্লেখ করে দলীয় ভাবে বহিষ্কারের সিদ্ধান্ত জানানো হয়েছে। ঘটনাকে ঘিরে দক্ষিণ ২৪ পরগনার রাজনীতিতে নতুন সমীকরণের জল্পনা শুরু হয়েছে।

alternatetext
Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *