Home / খবর / রাজ্য / এসআইআর খসড়া ভোটার তালিকা সংশোধনের সময়সীমা বাড়াল কমিশন

এসআইআর খসড়া ভোটার তালিকা সংশোধনের সময়সীমা বাড়াল কমিশন

বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর)-এর খসড়া ভোটার তালিকা প্রকাশের পর তাতে কোনও ভুল বা আপত্তি থাকলে সংশোধনের আবেদনের শেষ দিন ছিল ১৫ জানুয়ারি। এবার সেই সময়সীমা আরও চার দিন বাড়াল নির্বাচন কমিশন। ফলে আগামী ১৯ জানুয়ারি, সোমবার পর্যন্ত তথ্য সংশোধনের আবেদন জানানো যাবে। পশ্চিমবঙ্গের পাশাপাশি গোয়া, লক্ষদ্বীপ, রাজস্থান ও পুদুচেরিতেও এই অতিরিক্ত সময় দেওয়া হয়েছে।

কমিশন সূত্রে জানা গিয়েছে, এখনও পর্যন্ত বিভিন্ন রাজনৈতিক দলের তরফে মোট আটটি অভিযোগ জমা পড়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি অভিযোগ জানিয়েছে তৃণমূল কংগ্রেস। খসড়া তালিকা থেকে বাদ পড়া তিন জন ভোটারের নাম পুনরায় অন্তর্ভুক্ত করার দাবিতে তৃণমূল তিনটি অভিযোগ দায়ের করেছে। সিপিএমের তরফে দু’টি, ফরওয়ার্ড ব্লক ও বিজেপির তরফে একটি করে এবং বহুজন সমাজ পার্টির তরফে একটি অভিযোগ জমা পড়েছে। উল্লেখযোগ্যভাবে, কোনও দলই ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার আবেদন জানায়নি।

উল্লেখ্য, গত ১৬ ডিসেম্বর বিশেষ নিবিড় সংশোধনের খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছিল কমিশন। ওই তালিকা থেকে ৫৮ লক্ষেরও বেশি ভোটারের নাম বাদ পড়ে। যদিও কমিশন স্পষ্ট করে জানিয়েছে, এটি চূড়ান্ত তালিকা নয় এবং এতে ভুল থাকার সম্ভাবনা রয়েছে। তাই আপত্তি ও সংশোধনের জন্য এক মাস সময় দেওয়া হয়েছিল, যা এবার আরও চার দিন বাড়ানো হল।

সমস্ত অভিযোগ যাচাই ও প্রয়োজনীয় সংশোধনের পর আগামী ১৪ ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে বলে কমিশন সূত্রে জানা গিয়েছে। এই সময়সীমা বৃদ্ধির বিষয়ে পাঁচ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্য নির্বাচনী আধিকারিকদের চিঠি দিয়ে জানিয়েছে নির্বাচন কমিশন।

alternatetext
Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *