Home / খবর / রাজ্য / শেষ মুহূর্তে জট কাটল, সায়েন্স সিটিতে আরএসএসের কর্মসূচিতে অনুমতি কলকাতা হাই কোর্টের

শেষ মুহূর্তে জট কাটল, সায়েন্স সিটিতে আরএসএসের কর্মসূচিতে অনুমতি কলকাতা হাই কোর্টের

শহরে আরএসএস প্রধান মোহন ভাগবত। ছবি: রাজীব বসু

কলকাতায় রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ (আরএসএস)-এর কর্মসূচি ঘিরে তৈরি হওয়া জটের অবসান হল শেষ মুহূর্তে। রবিবার সায়েন্স সিটিতে আরএসএসের নির্ধারিত কর্মসূচির অনুমতি দিল কলকাতা হাই কোর্ট। বিচারপতি কৃষ্ণ রাওয়ের বেঞ্চ এই কর্মসূচি আয়োজনের ছাড়পত্র দেয়।

আরএসএস প্রতিষ্ঠার ১০০ বছর উপলক্ষে রবিবার সকাল ৯টা থেকে সায়েন্স সিটিতে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ওই কর্মসূচিতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকার কথা সঙ্ঘপ্রধান মোহন ভাগবতের। তবে পুলিশের অনুমতি না মেলায় অনুষ্ঠান নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়। সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে হাই কোর্টের দ্বারস্থ হয় আরএসএস।

শনিবার ছুটির দিন সন্ধ্যায় জরুরি ভিত্তিতে শুনানির আবেদন জানানো হয় ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পালের কাছে। তিনি দ্রুত শুনানির আবেদন মঞ্জুর করেন। পরে সন্ধ্যা সাড়ে ৭টা নাগাদ বিচারপতি কৃষ্ণ রাওয়ের বেঞ্চে মামলার শুনানি হয়।

মামলাকারী শশাঙ্কশেখর দে-র পক্ষে আইনজীবী ধীরাজ ত্রিবেদী আদালতে জানান, অনুষ্ঠানটি একটি প্রেক্ষাগৃহের ভিতরে হচ্ছে, কোনও রাস্তা দখল করে সভা নয়। এটি কোনও রাজনৈতিক কর্মসূচিও নয় এবং টিকিট কেটে লোক আনার বিষয়ও নেই। পুরসভার অনুমতি পাওয়া গিয়েছে এবং এক সপ্তাহ আগেই কলকাতা পুলিশের কাছে আলঙ্কারিক অনুমতির জন্য আবেদন করা হয়েছিল। তা সত্ত্বেও অনুমতি দেওয়া হয়নি বলে অভিযোগ তোলা হয়।

রাজ্যের তরফে আইনজীবী জয়ন্ত সামন্ত আদালতে জানান, কর্মসূচির অনুমতি দেওয়ার প্রস্তুতি ছিল। তবে যে ফ্যাক্স নম্বর দেওয়া হয়েছিল, সেটি কাজ না করায় অনুমতিপত্র পাঠানো সম্ভব হয়নি। তিনি আরও জানান, শনিবার রাত ৯টা পর্যন্ত কলকাতা পুলিশ ডিরেক্টরেটের রিপোর্ট সেকশন খোলা থাকবে এবং মামলাকারী চাইলে সেখানে গিয়ে অনুমতিপত্র সংগ্রহ করতে পারেন।

উভয় পক্ষের বক্তব্য শোনার পর বিচারপতি কৃষ্ণ রাও নির্দেশ দেন, ইমেলের মাধ্যমে অনুমতিপত্র পাঠাতে হবে। পাশাপাশি মামলাকারী প্রয়োজনে সশরীরে গিয়েও অনুমতিপত্র সংগ্রহ করতে পারবেন বলে নির্দেশ দেয় আদালত। এর ফলে রবিবার সায়েন্স সিটিতে আরএসএসের কর্মসূচি আয়োজনের পথে থাকা সমস্ত আইনি জট কাটল।

alternatetext
Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *