Home / খবর / রাজ্য / ১৫ মার্চ ব্রিগেডে বিজেপির মহাসভা, থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

১৫ মার্চ ব্রিগেডে বিজেপির মহাসভা, থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

narendra modi

রাজ্যে পরিবর্তন যাত্রা শুরুর দিনেই ব্রিগেড সমাবেশের দিন ঘোষণা করল বিজেপি। আগামী ১৫ মার্চ কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে দলের বৃহৎ জনসভা অনুষ্ঠিত হবে। ওই সভায় উপস্থিত থাকার কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। বিধানসভা নির্বাচনের আগে এই সভাকে ঘিরে জোর প্রস্তুতি শুরু করেছে বঙ্গ বিজেপি নেতৃত্ব।

রবিবার থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তে বিজেপির পরিবর্তন যাত্রা শুরু হয়েছে। দলের কেন্দ্রীয় নেতৃত্বও পর্যায়ক্রমে এই কর্মসূচিতে অংশ নিচ্ছেন। আগামী দিনে পরিবর্তন যাত্রায় যোগ দেওয়ার কথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। পরিবর্তন যাত্রা শেষ হওয়ার পরই শক্তি প্রদর্শনের লক্ষ্যেই ব্রিগেডে বড় সমাবেশের পরিকল্পনা করেছে পদ্ম শিবির।

সূত্রের খবর, খুব শীঘ্রই বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হতে পারে। তার আগেই রাজনৈতিক দলগুলি প্রচারে ঝাঁপিয়ে পড়েছে। বিজেপির দাবি, পরিবর্তন যাত্রার মাধ্যমে রাজ্যে রাজনৈতিক পরিবর্তনের বার্তা মানুষের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে। ব্রিগেডের সভা থেকে সেই বার্তাকে আরও জোরালো করতে চান দলের শীর্ষ নেতৃত্ব।

উল্লেখ্য, ২০২১ সালের বিধানসভা নির্বাচনের আগেও ব্রিগেডে সভা করেছিল বিজেপি, যেখানে প্রধান বক্তা ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই সভাতেই দলে যোগ দিয়েছিলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী। এবারও তিনি সভায় উপস্থিত থাকবেন কি না, তা নিয়ে রাজনৈতিক মহলে জল্পনা তৈরি হয়েছে। যদিও এ বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি বিজেপি নেতৃত্ব।

১৫ মার্চের ব্রিগেড সভা থেকে প্রধানমন্ত্রী কী রাজনৈতিক বার্তা দেন, এখন সেদিকেই নজর রাজ্যের রাজনৈতিক মহলের।

alternatetext
Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *