রাজ্যে এসে ফের ‘সোনার বাংলা’ গড়ার কথা বলায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে তীব্র কটাক্ষ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাঁকুড়ার বড়জোড়ার সভা থেকে কারও নাম না করেই তিনি বলেন, “ভোট এলেই সোনার বাংলা গড়ার কথা বলে। সোনার বাংলা নয়, ধ্বংসের বাংলা গড়বে তোমরা।” একই সঙ্গে বিজেপিশাসিত রাজ্যগুলিতে বাংলায় কথা বললেই পরিযায়ী শ্রমিকদের বাংলাদেশি তকমা দিয়ে হেনস্থা করার অভিযোগও তোলেন মুখ্যমন্ত্রী।
তিন দিনের সফরে সোমবার পশ্চিমবঙ্গে এসেছেন অমিত শাহ। যদিও এই সফর পুরোপুরি কলকাতাকেন্দ্রিক এবং কোনও প্রকাশ্য জনসভা নেই। শুধু সাংগঠনিক বৈঠকই রয়েছে শাহের কর্মসূচিতে। তবে মঙ্গলবার কলকাতায় সাংবাদিক বৈঠক করে রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে একাধিক বার্তা দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।
সেই সাংবাদিক বৈঠকে শাহ দাবি করেন, “বাংলার সীমান্ত দিয়ে যে অনুপ্রবেশ হচ্ছে, তা শুধু বাংলার বিষয় নয়, গোটা দেশের নিরাপত্তার প্রশ্ন। এমন মজবুত সরকার এখানে আনুন, যারা অনুপ্রবেশ পুরোপুরি বন্ধ করতে পারবে।” রাজ্য সরকার অনুপ্রবেশে প্রশ্রয় দিচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। পাশাপাশি দুর্নীতি, অপশাসন, সন্ত্রাস এবং নারী নিরাপত্তা নিয়েও তৃণমূল সরকারকে আক্রমণ করেন শাহ।
শাহের এই মন্তব্যের কয়েক ঘণ্টার মধ্যেই বড়জোড়ার সভা থেকে পাল্টা জবাব দেন মুখ্যমন্ত্রী। মমতা প্রশ্ন তোলেন, “শুধু বাংলাতেই অনুপ্রবেশ হয়? কাশ্মীরে হয় না?” এর পরেই পহেলগাঁওয়ে জঙ্গি হামলার প্রসঙ্গ তুলে তিনি বলেন, “পহেলগাঁওয়ে কী ঘটল? পহেলগাঁও কি আপনারা করেছিলেন?”
এদিকে, মতুয়াদের উদ্দেশে অভয়বার্তা দিয়ে শাহ বলেন, পশ্চিমবঙ্গে আসা শরণার্থীরা ভারতের নাগরিক এবং তাঁদের ভয় পাওয়ার কোনও কারণ নেই। বিজেপির প্রতিশ্রুতি অনুযায়ী, তাঁদের কোনও ক্ষতি হতে দেওয়া হবে না বলেও দাবি করেন তিনি।
সব মিলিয়ে অনুপ্রবেশ, নিরাপত্তা ও উন্নয়ন ইস্যুতে ফের মুখোমুখি অবস্থানে রাজ্য ও কেন্দ্র। অমিত শাহের বক্তব্যের পর মমতার তীব্র পাল্টা আক্রমণে রাজ্য রাজনীতিতে উত্তাপ আরও বাড়ল।










