প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পরই রাজ্যে আসতে চলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আগামী শনিবার রানাঘাট মহকুমার তাহেরপুরে সরকারি কর্মসূচির পাশাপাশি রাজনৈতিক জনসভা করবেন প্রধানমন্ত্রী। বিশেষ করে মতুয়াগড়ে তিনি কী বার্তা দেন, সে দিকেই তাকিয়ে রাজনৈতিক মহল। সব কিছু ঠিক থাকলে প্রধানমন্ত্রীর সফরের পরেই দু’দিনের জন্য বাংলায় আসবেন অমিত শাহ।
বছরের শেষে রাজ্য সফরে আসছেন বিজেপির এই শীর্ষ নেতা। তবে জানা যাচ্ছে, এই সফরে কোনও জনসভা নয়, মূলত রাজ্য বিজেপির শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠকেই সময় দেবেন অমিত শাহ। বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে, ততই তৎপরতা বাড়াচ্ছে বিজেপি।
এসআইআর আবহে রাজ্য রাজনীতি এখন উত্তপ্ত। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই জনসভা শুরু করেছেন। অন্য দিকে বিজেপির অন্দরেও শুরু হয়েছে নির্বাচনী প্রস্তুতির তোড়জোড়। দলীয় সূত্রে খবর, বিধানসভা নির্বাচনের আগে বিজেপির রণকৌশল, বুথ স্তরে সাংগঠনিক শক্তি কতটা মজবুত হয়েছে, কোন কোন ইস্যুকে সামনে রেখে লড়াই হবে— এই সব বিষয় নিয়েই বৈঠকে বসবেন অমিত শাহ।
সূত্রের খবর, চলতি মাসের শেষে ২৯ ও ৩০ তারিখ বাংলায় আসতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। রাজ্যে অনুপ্রবেশ ইস্যুতে বিজেপির বঙ্গীয় নেতারা ইতিমধ্যেই সরব। এসআইআর প্রক্রিয়ায় এক কোটি নাম বাদ যেতে পারে বলে দাবি করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী-সহ একাধিক নেতা। তবে শুধু ইস্যু নয়, সংগঠন কতটা শক্তিশালী, বুথ স্তরে কর্মীদের প্রস্তুতি কতখানি— তা খতিয়ে দেখাই হবে এই সফরের মূল লক্ষ্য বলে মনে করা হচ্ছে।










