মঙ্গলবার থেকেই জোরকদমে বিধানসভা ভোটের প্রচারে নেমে পড়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই ধারাবাহিকতায় আজ রাজ্যের দুই প্রান্তে আলাদা আলাদা কর্মসূচিতে অংশ নিচ্ছেন তৃণমূলের এই দুই শীর্ষ নেতা।
দক্ষিণবঙ্গে আজ বড় রাজনৈতিক কর্মসূচি রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিধানসভা কেন্দ্র নন্দীগ্রামে জনসভা করবেন তিনি। সেখানে তৃণমূল প্রার্থী পবিত্র করের সমর্থনে প্রচার চালানোর পাশাপাশি দাসপুর ও নারায়ণগড়েও জনসভা করার কথা রয়েছে তাঁর।
অন্যদিকে, উত্তরবঙ্গে প্রচারের ঝড় তুলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি একাধিক গুরুত্বপূর্ণ কেন্দ্রে সভা করবেন, যার মধ্যে রয়েছে ময়নাগুড়ি , জলপাইগুড়ি এবং মাটিগাড়া নকশালবাড়ি।
সব মিলিয়ে আজ মোট ছ’টি বিধানসভা কেন্দ্রে প্রচার চালাচ্ছেন তৃণমূলের দুই শীর্ষ নেতা। নির্বাচনের আগে সংগঠনকে চাঙা করা এবং ভোটারদের কাছে সরাসরি বার্তা পৌঁছে দিতেই এই জোড়া প্রচার কর্মসূচিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।









