Home / খবর / রাজ্য / বিধানসভা নির্বাচনের লক্ষ্য বেঁধে দিলেন অভিষেক, রাজ্যে ২৫০ আসনের ডাক

বিধানসভা নির্বাচনের লক্ষ্য বেঁধে দিলেন অভিষেক, রাজ্যে ২৫০ আসনের ডাক

বীরভূমের মাটিতে দাঁড়িয়ে আসন্ন বিধানসভা নির্বাচনের স্পষ্ট লক্ষ্য বেঁধে দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ‘এ আবার জিতবে বাংলা’ কর্মসূচির প্রচারে মঙ্গলবার বীরভূমে এসে তিনি দলকে আসন বাড়ানোর বার্তা দেন। একই সঙ্গে জানান, তারাপীঠে গিয়ে প্রার্থনাও করবেন।

অভিষেক বলেন, গত বিধানসভা নির্বাচনে বীরভূমের ১১টি আসনের মধ্যে ১০টিতে জয় পেয়েছিল তৃণমূল। এবার আর তা যথেষ্ট নয়। তাঁর স্পষ্ট বার্তা, “এবার ১০ হলে চলবে না, ১১–০ করতে হবে।” লোকসভা নির্বাচনের ফলাফলের প্রসঙ্গ টেনে তিনি বলেন, যে ব্যবধানে তৃণমূল প্রার্থীরা জিতেছেন, তাতেই প্রমাণ হয়েছে বিরোধীদের বাংলার এই পবিত্র মাটিতে কোনও জায়গা নেই।

অনুব্রত মণ্ডলের নাম উল্লেখ করে অভিষেক বলেন, “কেষ্টদা নাকি তারাপীঠে গিয়ে ২৩০টা আসন চেয়েছেন। আমি আজ আরও ২০টা বাড়িয়ে বলছি— ২৫০টা আসন চাই।” বুথস্তরে সংগঠন আরও শক্ত করার নির্দেশও দেন তিনি। অভিষেকের কথায়, যে বুথে ৫০ ভোট পেয়েছে তৃণমূল, সেখানে ৫১ করতে হবে, ১০০ হলে ১১০, ৩০০ হলে ৪০০ করতে হবে। “বিজেপিকে শূন্য করতে হবে, পাপের ঘড়া পূর্ণ হয়ে গিয়েছে,”— এই বার্তাও দেন তিনি।

এদিন যদিও হেলিকপ্টার বিভ্রাটের কারণে সভাস্থলে পৌঁছতে কিছুটা দেরি হয় অভিষেকের। পরে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের কাছ থেকে হেলিকপ্টারের ব্যবস্থা করে বীরভূমে পৌঁছন তিনি। সভায় পৌঁছেই আক্রমণাত্মক ভঙ্গিতে দলের লক্ষ্য ও রণকৌশল স্পষ্ট করে দেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।

alternatetext
Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *