Home / খবর / রাজ্য / ভোট ঘোষণার আগেই রাজ্যে ৪৮০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, দু’দফায় মোতায়েনের নির্দেশ

ভোট ঘোষণার আগেই রাজ্যে ৪৮০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, দু’দফায় মোতায়েনের নির্দেশ

প্রতীকী ছবি

বিধানসভা ভোট ঘোষণার আগেই রাজ্যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নিল ভারতের নির্বাচন কমিশন। কমিশনের নির্দেশ মেনে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক ইতিমধ্যেই রাজ্য প্রশাসনকে চিঠি দিয়ে জানিয়েছে, প্রাথমিক ভাবে ৪৮০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী দু’দফায় মোতায়েন করা হবে।

চিঠি অনুযায়ী, আগামী ১ মার্চ প্রথম দফায় ২৪০ কোম্পানি বাহিনী পৌঁছবে রাজ্যে। তার মধ্যে থাকবে ১১০ কোম্পানি কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ বাহিনী (সিআরপিএফ), ৫৫ কোম্পানি সীমান্ত নিরাপত্তা বাহিনী (বিএসএফ), ২৭ কোম্পানি ভারত-তিব্বত সীমান্ত পুলিশ (আইটিবিপি), ২৭ কোম্পানি সশস্ত্র সীমা বল (এসএসবি) এবং ২১ কোম্পানি কেন্দ্রীয় শিল্প নিরাপত্তা বাহিনী (সিআইএসএফ)।

দ্বিতীয় দফায় ১০ মার্চের মধ্যে পৌঁছবে আরও ২৮০ কোম্পানি— ১২০ কোম্পানি সিআরপিএফ, ৬৫ কোম্পানি বিএসএফ, ২০ কোম্পানি আইটিবিপি, ১৯ কোম্পানি এসএসবি এবং ১৬ কোম্পানি সিআইএসএফ।

আগামী ২৮ ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গে বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর)-এর ভোটার তালিকা প্রকাশের কথা। তার পরের দিন থেকেই কেন্দ্রীয় বাহিনী মোতায়েন শুরু হচ্ছে। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে রাজ্যে ১১০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছিল এবং ভোট হয়েছিল আট দফায়।

রাজ্য প্রশাসনকে আগেই সংবেদনশীল ও ঝুঁকিপূর্ণ বুথ চিহ্নিত করার নির্দেশ দিয়েছে কমিশন। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরের এক সিনিয়র আধিকারিক সংবাদসংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া-কে জানিয়েছেন, পশ্চিমবঙ্গে ভোট কত দফায় হবে তা অনেকটাই নির্ভর করছে কেন্দ্রীয় বাহিনীর প্রাপ্যতার উপর। সিইও দফতর এক দফাতেই নির্বাচন আয়োজনের প্রস্তাব দিল্লিতে পাঠিয়েছে। কমিশন সূত্রে জানা গিয়েছে, মার্চের দ্বিতীয় সপ্তাহে পশ্চিমবঙ্গ-সহ কেরল, তামিলনাড়ু, অসম ও পুদুচেরির বিধানসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণা হতে পারে।

alternatetext
Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *