পুরীর জগন্নাথ মন্দিরে হামলার হুমকি দেওয়া একটি পোস্ট সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই চরম চাঞ্চল্য ছড়ায়। ঘটনার পরই মন্দির চত্বরে নিরাপত্তা ব্যবস্থা কড়া করা হয়েছে। মোতায়েন করা হয়েছে এটিএস (সন্ত্রাস দমন বাহিনী) এবং বম্ব ডিসপোজ়াল স্কোয়াড। পুলিশ ইতিমধ্যেই এক ব্যক্তিকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে।
মঙ্গলবার সমাজমাধ্যমে একটি পোস্ট ভাইরাল হয়, যেখানে পুরীর একটি শপিং মলে হামলার হুমকির পাশাপাশি বিজেপির রাজ্যসভার সাংসদ শুভাশিস খুন্তিয়ার উপর হামলার কথাও উল্লেখ করা হয়। একটি মহিলার অ্যাকাউন্ট থেকে ওই পোস্ট করা হয়েছিল। তবে ওই মহিলা পুলিশের কাছে অভিযোগ করেছেন, তাঁর নামে ভুয়ো অ্যাকাউন্ট তৈরি করে এই পোস্ট করা হয়েছে। তাঁর বয়ানের ভিত্তিতেই এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
এই ঘটনায় পুরীর সাইবার অপরাধ দমন থানায় মামলা রুজু হয়েছে। সাংসদ শুভাশিস খুন্তিয়ার সঙ্গেও ইতিমধ্যে কথা বলেছেন পুরীর পুলিশ সুপার। সাংসদের দাবি, অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি তাঁকে ফোন করে সরাসরি হুমকিও দিয়েছেন।
পুরীর এসপি প্রতীক সিংহ সংবাদসংস্থা এএনআই-কে জানান, কয়েকদিন আগেও জগন্নাথ মন্দিরে হামলার হুমকি দিয়ে সমাজমাধ্যমে পোস্ট করা হয়েছিল। সেই ঘটনায় পুলিশ ও সাইবার অপরাধ দমন শাখা সক্রিয় হয়। পরবর্তীতে আবার একটি হুমকিবার্তা পোস্ট করে তা মুছে ফেলা হয়। পরিস্থিতির গুরুত্ব বুঝে মন্দির চত্বরে নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। মন্দিরে প্রবেশকারী প্রত্যেকের দেহতল্লাশি করা হচ্ছে।
উল্লেখ্য, এই ধরনের ঘটনা এই প্রথম নয়। গত বছর অগস্ট মাসেও পুরীর জগন্নাথ মন্দিরে হামলার হুমকি পাওয়া গিয়েছিল। তখন শতাব্দীপ্রাচীন মন্দিরের দেওয়ালে দুই ভাষায় খোদাই করা হুমকিবার্তা মিলেছিল, যা নিয়ে ব্যাপক আতঙ্ক ছড়ায়। সেই সময়ও মন্দির চত্বরে তড়িঘড়ি নিরাপত্তা বৃদ্ধি করা হয়েছিল।










