Home / খবর / দেশ / সরকারি অনুষ্ঠানে ‘বন্দে মাতরম’ গাওয়ার নতুন বিধি, দাঁড়িয়ে সম্মান জানানো বাধ্যতামূলক করল কেন্দ্র

সরকারি অনুষ্ঠানে ‘বন্দে মাতরম’ গাওয়ার নতুন বিধি, দাঁড়িয়ে সম্মান জানানো বাধ্যতামূলক করল কেন্দ্র

জাতীয় গান ‘বন্দে মাতরম’ পরিবেশন নিয়ে নতুন নির্দেশিকা জারি করল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। বুধবার প্রকাশিত ওই নির্দেশিকায় জানানো হয়েছে, জাতীয় সঙ্গীত ‘জনগণমন’-এর মতোই সরকারি অনুষ্ঠানে এ বার থেকে নির্দিষ্ট নিয়ম মেনে ‘বন্দে মাতরম’ গাইতে হবে। গান পরিবেশনের সময় উপস্থিত সকলকে দাঁড়িয়ে সম্মান জানানো বাধ্যতামূলক করা হয়েছে।

কেন্দ্রের নির্দেশ অনুযায়ী, ‘বন্দে মাতরম’-এর ছ’টি স্তবক মোট ১৯০ সেকেন্ড বা ৩ মিনিট ১০ সেকেন্ডের মধ্যে পরিবেশন করতে হবে। কোন কোন সরকারি অনুষ্ঠানে জাতীয় গান গাওয়া বাধ্যতামূলক, তাও স্পষ্ট করে জানানো হয়েছে। জাতীয় পতাকা উত্তোলনের সময়, রাষ্ট্রপতির আগমন ও প্রস্থানের সময়, রাষ্ট্রপতির জাতির উদ্দেশে ভাষণের আগে ও পরে, সরকারি অনুষ্ঠানে রাজ্যপাল বা উপরাজ্যপালের আগমন-প্রস্থানের সময়, নাগরিক সম্মান বা পুরস্কার প্রদান অনুষ্ঠান এবং কুচকাওয়াজে জাতীয় পতাকা আনার সময় ‘বন্দে মাতরম’ গাওয়া বাধ্যতামূলক করা হয়েছে।

এখনও পর্যন্ত বিভিন্ন সরকারি অনুষ্ঠানে মূলত জাতীয় সঙ্গীত পরিবেশনের রীতি রয়েছে। নতুন নির্দেশিকায় জানানো হয়েছে, যে সব অনুষ্ঠানে জাতীয় সঙ্গীত গাওয়া হয়, সেখানে আগে জাতীয় গান পরিবেশন করতে হবে এবং তার পরে জাতীয় সঙ্গীত। জাতীয় গান পরিবেশনের সময় সকলকে দাঁড়িয়ে থাকতে হবে এবং সম্ভব হলে কণ্ঠ মেলানোরও পরামর্শ দেওয়া হয়েছে।

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রচিত দেশাত্মবোধক গান ‘বন্দে মাতরম’-এর ১৫০ বছর পূর্তি উদ্‌যাপন চলছে। ১৮৭৫ সালে লেখা এই গান প্রথম প্রকাশিত হয় ১৮৮২ সালে ‘আনন্দমঠ’ উপন্যাসে। ১৮৯৬ সালে রবীন্দ্রনাথ ঠাকুর প্রথম গানটি গেয়েছিলেন। স্বাধীনতা আন্দোলনের সময় এই গান গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। সংবিধানে জাতীয় সঙ্গীতের পাশাপাশি ‘বন্দে মাতরম’-কেও সমান মর্যাদা দেওয়া হলেও এত দিন এর পরিবেশন নিয়ে নির্দিষ্ট কোনও সরকারি বিধি ছিল না। নতুন নির্দেশিকার মাধ্যমে সেই শূন্যতাই পূরণ করল কেন্দ্র।

alternatetext
Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *