কোলফিল্ড টাইমস: বুধবার (১৭ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৭৫তম জন্মদিন। আর সেই বিশেষ দিনেই তিনি উদ্বোধন করলেন ‘স্বচ্ছ নারী, সশক্ত পরিবার অভিযান’। এই প্রকল্পের মূল লক্ষ্য—দেশের মহিলা, কিশোরী এবং শিশুদের জন্য সমন্বিত স্বাস্থ্য ও পুষ্টি পরিষেবা নিশ্চিত করা।
সরকারি বিবৃতিতে জানানো হয়েছে, ২০৪৭ সালের মধ্যে ‘বিকশিত ভারত’ গড়ার লক্ষ্যে এই প্রকল্প বিশেষ ভূমিকা নেবে। নারী-কেন্দ্রিক প্রতিরোধমূলক, প্রচারমূলক এবং নিরাময়মূলক স্বাস্থ্যসেবা প্রদানের মাধ্যমে অ-সংক্রামক অসুখ, অ্যানিমিয়া ও যক্ষ্মার মতো রোগের দ্রুত শনাক্তকরণ ও চিকিৎসা করা হবে। পাশাপাশি মাতৃত্বকালীন ও শিশুস্বাস্থ্যের যত্নে বিশেষ নজর দেওয়া হবে।
এই কর্মসূচি ১৭ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত সারা দেশে চলবে। আয়ুষ্মান আরোগ্য মন্দির, কমিউনিটি স্বাস্থ্য কেন্দ্র (সিএইচসি), জেলা হাসপাতাল এবং সরকারি স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলিতে আয়োজিত হবে অন্তত ১ লক্ষ স্বাস্থ্য শিবির। সরকারের দাবি, নারী ও শিশুদের জন্য এটাই হবে দেশের সবচেয়ে বড় স্বাস্থ্য অভিযান।
প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে দেশজুড়ে শুভেচ্ছা বার্তা আসতে থাকে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু থেকে শুরু করে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, বিরোধী দলনেতা রাহুল গান্ধী, তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়—সকলেই শুভেচ্ছা জানিয়েছেন মোদীকে। শুধু দেশ নয়, আন্তর্জাতিক মহল থেকেও শুভেচ্ছা বার্তা এসেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী সহ বিশ্বের নানা প্রান্তের নেতারা অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রীকে।










