Home / খবর / দেশ / রাজস্থানের আলওয়ারে রাসায়নিক কারখানায় ভয়াবহ আগুন, মৃত্যু অন্তত ৮ শ্রমিকের

রাজস্থানের আলওয়ারে রাসায়নিক কারখানায় ভয়াবহ আগুন, মৃত্যু অন্তত ৮ শ্রমিকের

রাজস্থানের আলওয়ার জেলার ভিওয়াড়ি শহরে একটি রাসায়নিক কারখানায় ভয়াবহ আগুনে অন্তত আট জন শ্রমিকের মৃত্যু হয়েছে। আশঙ্কা করা হচ্ছে, এখনও ভিতরে আটকে থাকতে পারেন আরও এক জন। অভিযোগ উঠেছে, কারখানার ভিতরে বেআইনি ভাবে বাজি তৈরি হচ্ছিল। সেখান থেকেই বিস্ফোরণ ও আগুন ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, কারখানার ভিতর থেকে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে।

সংবাদসংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া (পিটিআই) সূত্রে খবর, সোমবার সকালে আচমকা আগুন লাগে ভিওয়াড়ির ওই কারখানায়। প্রথমে সাতটি দেহ উদ্ধার করে পুলিশ, পরে আরও একটি দেহ বার করা হয়। মৃতদের সকলেই উত্তরপ্রদেশ ও বিহারের বাসিন্দা শ্রমিক। আগুনে ঝলসে তাঁদের মৃত্যু হয়েছে বলে প্রাথমিক অনুমান। ভিওয়াড়ির সহকারী জেলাশাসক সুস্মিতা মিশ্র জানান, নিয়মিত টহলদারির সময় পুলিশ কারখানা থেকে ধোঁয়া বেরোতে দেখে এবং সঙ্গে সঙ্গে উদ্ধারকাজ শুরু করে। পরে দমকলকে খবর দেওয়া হয়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ঘটনার সময় কারখানায় অন্তত ২৫ জন শ্রমিক কাজ করছিলেন। আশপাশের অন্যান্য কারখানাও দ্রুত খালি করে দেওয়া হয়। শ্রমিকদের নিরাপদ দূরত্বে সরিয়ে নেওয়া হয়। অভিযোগ, কারখানার ভিতরে প্রচুর দাহ্য পদার্থ মজুত ছিল। কয়েক ঘণ্টার চেষ্টায় দমকল আগুন নিয়ন্ত্রণে আনে। প্রত্যক্ষদর্শীরা অন্তত তিন থেকে চারটি বড় বিস্ফোরণের শব্দ শুনেছেন বলে জানিয়েছেন। এলাকায় এখনও আতঙ্কের পরিবেশ।

দমকল অধিকর্তা রাজু খান জানিয়েছেন, গত কয়েক মাস ধরে কারখানাটি আনুষ্ঠানিক ভাবে বন্ধ ছিল। তবে ভিতরে বেআইনি ভাবে বাজি তৈরির কাজ চলছিল বলে অভিযোগ উঠেছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

alternatetext
Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *