Home / খবর / দেশ / প্রয়াত প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী শিবরাজ পাটিল

প্রয়াত প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী শিবরাজ পাটিল

দেশের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী এবং কংগ্রেসের বর্ষীয়ান নেতা শিবরাজ পাটিল আর নেই। শুক্রবার ভোরে মহারাষ্ট্রের লাতুরে নিজের বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯১ বছর। পরিবার সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন ধরেই বয়সজনিত নানা অসুস্থতায় ভুগছিলেন তিনি। ভোর সাড়ে ৬টার সময় প্রয়াত হন এই অভিজ্ঞ রাজনীতিবিদ। পিছনে রেখে গেলেন ছেলে শৈলেশ পাটিল, পুত্রবধূ অর্চনা পাটিল এবং দুই নাতনি।

১৯৩৫ সালের ১২ অক্টোবর লাতুরেই জন্ম শিবরাজ পাটিলের। সেখান থেকেই রাজনৈতিক জীবনের সূচনা—পুরসভা নির্বাচনে জয়ী হয়ে পৌরপ্রধান হন তিনি। ৭০-এর দশকে প্রথমবার বিধায়ক নির্বাচিত হন। এরপর টানা সাতবার লোকসভা নির্বাচনে জয়—১৯৮০, ১৯৮৪, ১৯৮৯, ১৯৯১, ১৯৯৬, ১৯৯৮ এবং ১৯৯৯ সালে লাতুর থেকে নির্বাচিত হন তিনি। ২০০৪ সালে শেষবার লড়ে বিজেপির রুপাতাই পাটিলের কাছে পরাজিত হন।

২০০৪ থেকে ২০০৮ পর্যন্ত দেশে স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করেন শিবরাজ পাটিল। ২০০৮ সালের মুম্বই ২৬/১১ হামলার পর সমালোচনার জেরে পদত্যাগ করেন তিনি। তার আগে, ১৯৯১ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত লোকসভার স্পিকার ছিলেন। পরবর্তীতে ২০১০ থেকে ২০১৫ সাল পর্যন্ত পঞ্জাবের রাজ্যপাল এবং চণ্ডীগঢ়ের প্রশাসনিক প্রধান হিসেবেও দায়িত্ব পালন করেন।

শিবরাজ পাটিলের পরিচিতি ছিল শান্ত স্বভাবের, মার্জিত রাজনীতিক হিসেবে। কাউকে কখনও ব্যক্তিগত আক্রমণ করেননি; জনসভা বা বৈঠকেও বিরূপ মন্তব্য তাঁর মুখে শোনা যেত না।

alternatetext
Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *