Home / খবর / দেশ / বিহার ভোটের ফল আজ, কে বসছেন পটনার কুর্সিতে?

বিহার ভোটের ফল আজ, কে বসছেন পটনার কুর্সিতে?

শুক্রবার সকাল ৮টা থেকেই ইভিএম খোলার পর স্পষ্ট হতে শুরু করবে, আগামী পাঁচ বছরে পটনার ক্ষমতা কার হাতে যাচ্ছে। যদিও প্রায় সব বুথফেরত সমীক্ষাতেই এনডিএ-কে মহাগঠবন্ধনের তুলনায় এগিয়ে দেখানো হয়েছে, ভারতের নির্বাচনী ইতিহাস বলছে—এই পূর্বাভাস অনেক সময়ই ফলের দিনে মিলতে নাও পারে।

এ বার বিহারের ভোটদানেই তৈরি হয়েছে নজির। প্রথম দফায় ১২১টি আসনে ভোট পড়েছিল ৬৫.০৮ শতাংশ, দ্বিতীয় দফায় ১২২টি আসনে ৬৮.৭৮ শতাংশ। মোট ভোটদানের হার দাঁড়িয়েছে প্রায় ৬৭ শতাংশ—মগধভূমির ইতিহাসে সর্বকালীন সর্বোচ্চ। যদি বুথফেরত সমীক্ষা সত্যি হয়, তা হলে আরও এক বড় রেকর্ড গড়বে বিহার। কারণ ভারতে এখনও পর্যন্ত কোনও রাজ্যে পাঁচ বছরে ভোটদানের হার ১০ শতাংশ বাড়লে শাসকদলের ক্ষমতায় ফেরা দেখা যায়নি। ২০২০ সালে ভোট পড়েছিল ৫৭ শতাংশ। সে বছর ১২৫টি আসন জিতে এনডিএ গঠনতন্ত্র তৈরি করেছিল, আর মহাগঠবন্ধন পেয়েছিল ১১০টি আসন।

তবুও আত্মবিশ্বাসে ভরপুর শাসক শিবির। পটনায় বিজেপির দফতরে ইতিমধ্যেই ৫০০ কেজি লাড্ডুর অর্ডার দেওয়া হয়েছে সম্ভাব্য জয় উদযাপনের জন্য।

এই নির্বাচনে জন সুরাজ পার্টির প্রশান্ত কিশোরও লড়াইয়ে থাকলেও বুথফেরত সমীক্ষা তাদের অবস্থান খুব একটা উজ্জ্বল দেখায়নি। প্রচারের শেষ দফায় শাসক-বিরোধী দুই শিবিরই প্রতিশ্রুতির স্রোত বইয়ে দিয়েছে। তেজস্বী যাদব আগেই প্রতিটি পরিবারে একজন করে সরকারি চাকরির অঙ্গীকার করেছিলেন। শেষপর্বে যোগ করেন, মহাগঠবন্ধন ক্ষমতায় এলে বিহারের মহিলারা এককালীন ৩০ হাজার টাকা করে আর্থিক সহায়তা পাবেন। কৃষকদের জন্যও থাকবে বাড়তি সুবিধা।

অন্যদিকে, নীতীশ কুমারের জেডিইউ এবং বিজেপির প্রচারের মূল সুর ছিল ‘জঙ্গলরাজ’ বনাম ‘উন্নয়ন’। আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি আর পরিকাঠামো বৃদ্ধি—এই দুই বিষয়কে সামনে রেখেই ভোটের লড়াই। ভোটের আগেই নীতীশ নিজের কৌশলী পদক্ষেপ হিসেবে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের অ্যাকাউন্টে এককালীন ১০ হাজার টাকা পাঠিয়েছেন। তাঁর প্রতিশ্রুতি, ক্ষমতায় ফিরলে অন্য মহিলারাও একই সুবিধা পাবেন।

সব নজর এখন ফল ঘোষণায়। বিহার ঠিক কোন রাজনৈতিক স্রোতে ভাসে—তার উত্তর মিলবে আজই।

alternatetext
Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *