Home / খবর / দেশ / নববর্ষের আগে রাজধানী জুড়ে কড়া নজরদারি, ‘অপারেশন আঘাত ৩.০’-তে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৬৬০

নববর্ষের আগে রাজধানী জুড়ে কড়া নজরদারি, ‘অপারেশন আঘাত ৩.০’-তে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৬৬০

সামনেই নববর্ষ। উৎসবের মরশুমে রাজধানীর নিরাপত্তা জোরদার করতে দিল্লি জুড়ে শুরু হয়েছে ‘অপারেশন আঘাত ৩.০’। অপরাধ রুখতে ব্যাপক ধরপাকড় চালাচ্ছে দিল্লি পুলিশ। এখনও পর্যন্ত প্রায় ৬৬০ জন অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে এবং উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র।

দিল্লি পুলিশ সূত্রে জানা গিয়েছে, উৎসবের ভিড়ে অপরাধের বাড়বাড়ন্ত ঠেকাতেই এই বিশেষ অভিযান। রাজধানীর বিভিন্ন এলাকায় চলছে তল্লাশি ও রাস্তায় রাস্তায় নাকা চেকিং। আবগারি আইন ও এনডিপিএস আইনে এখনও পর্যন্ত ২৮৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

নববর্ষের জমায়েতে যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে জন্য আগাম সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ৫০৪ জনকে আটক করা হয়েছে। পাশাপাশি, অতীতে অপরাধে যুক্ত থাকার অভিযোগে ১১৬ জনকেও আটক করেছে পুলিশ। অভিযানের সময় ২১টি দেশি পিস্তল, ২০টি তাজা কার্তুজ এবং ২৭টি ছুরি বাজেয়াপ্ত করা হয়েছে।

মাদক ও অবৈধ মদের চোরাচালান রুখতে চালানো অভিযানে চুরি যাওয়া সম্পত্তির বড় অংশ উদ্ধার হয়েছে। ছিনতাই, ডাকাতি বা হারিয়ে যাওয়া ৩১০টি মোবাইল ফোনও উদ্ধার করেছে পুলিশ। নাকা চেকিংয়ের সময় বাজেয়াপ্ত করা হয়েছে ২৩১টি বাইক এবং একটি গাড়ি।

দিল্লি পুলিশ জানিয়েছে, সব মিলিয়ে অপরাধ দমনে ১,৩০৬ জনকে জিজ্ঞাসাবাদের আওতায় আনা হয়েছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আগামী দিনেও রাতভর তল্লাশি ও চেকিং অভিযান চলবে।

alternatetext
Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *