যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে গোটা জানুয়ারি মাসের চারটি রবিবারে অতিরিক্ত মেট্রো চালানোর সিদ্ধান্ত নিল কলকাতা মেট্রো। আগামী ৪, ১১, ১৮ ও ২৫ জানুয়ারি—এই চারটি রবিবার ব্লু লাইন ও গ্রিন লাইনে বাড়তি মেট্রো পরিষেবা মিলবে।
মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, ব্লু লাইনে সাধারণত রবিবার ১৩০টি মেট্রো চলে। তবে জানুয়ারির এই চার রবিবারে চলবে ১৬০টি মেট্রো। দক্ষিণেশ্বর–শহিদ ক্ষুদিরাম রুটে প্রথম মেট্রো সকাল ৯টা থেকে চলবে। শহিদ ক্ষুদিরাম–দক্ষিণেশ্বর এবং নোয়াপাড়া–শহিদ ক্ষুদিরাম রুটেও সকাল ৯টা থেকেই পরিষেবা শুরু হবে। শেষ মেট্রো দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম যাবে রাত ৯টা ৩৩ মিনিটে। একই সময়ে শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বরের শেষ মেট্রো ছাড়বে। শহিদ ক্ষুদিরাম থেকে দমদমের শেষ মেট্রো রাত ৯টা ৪৪ মিনিটে।
গ্রিন লাইনে রবিবার সাধারণত ১০৮টি মেট্রো চলে। জানুয়ারির এই চার রবিবারে চলবে ১২৪টি মেট্রো। সল্টলেক সেক্টর ফাইভ থেকে হাওড়া ময়দানের প্রথম মেট্রো ছাড়বে সকাল ৯টা ২ মিনিটে। হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভ এবং সিটি সেন্টার থেকে হাওড়া ময়দান—দুই দিকেই প্রথম মেট্রো সকাল ৯টায়। শেষ মেট্রো সল্টলেক সেক্টর ফাইভ থেকে হাওড়া ময়দান ও হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভ—দুই দিকেই রাত ৯টা ৫৫ মিনিটে। হাওড়া ময়দান থেকে সেন্ট্রাল পার্কের শেষ মেট্রো রাত ১০টা ৫ মিনিটে।
মেট্রোর ব্যবধানও কমানো হয়েছে। ব্লু লাইনে দুপুর ৩টা ২০ থেকে সন্ধ্যা ৭টা ২০ পর্যন্ত ১০ মিনিটের বদলে ৮ মিনিট অন্তর মেট্রো চলবে। গ্রিন লাইনে বিকেল ৪টা ২ থেকে রাত ৮টা ৩০ পর্যন্ত ১৫ মিনিটের বদলে ১০ মিনিট অন্তর মেট্রো পাওয়া যাবে।
তবে এই চার রবিবার ইয়েলো লাইনে পরিষেবা আগের মতোই থাকবে। অরেঞ্জ লাইন ও পার্পল লাইনে রবিবার পরিষেবা বন্ধই থাকবে বলে জানিয়েছেন মেট্রো কর্তৃপক্ষ।










