শুক্রবার সকালে বরাহনগরের নর্দান পার্ক এলাকায় দুষ্কৃতীদের গুলিতে অল্পের জন্য রক্ষা পেলেন স্থানীয় বাসিন্দা ও সরকারি কর্মী বিকাশ মজুমদার। সকালবেলা নিয়ম মতো আবর্জনা ফেলে ফিরছিলেন তিনি। সেই সময় বাইকে চড়ে এসে দুই দুষ্কৃতী তাঁকে লক্ষ্য করে গুলি চালায়। গুলি লক্ষ্যভ্রষ্ট হওয়ায় প্রাণহানি হয়নি। বিকাশের কান ঘেঁষে বেরিয়ে যায় গুলি। বারুদের ছিটে গায়ে লেগে সামান্য জখম হন তিনি।
বিকাশ জানিয়েছেন, তাঁর কারও সঙ্গে কোনও বিবাদ নেই। এলাকাবাসীরাও জানান, শান্ত ও নিরিবিলি স্বভাবের বিকাশের কখনও কারও সঙ্গে ঝামেলা হয়নি। ফলে এই হামলার কারণ নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। কেউ মনে করছেন, দুষ্কৃতীদের ভাড়া করে পাঠানো হয়েছিল। আবার কেউ মনে করছেন, ভুলবশত বিকাশকে লক্ষ্য করা হয়েছে।
স্থানীয় তৃণমূল সভাপতি শুভাশিস কর বলেন, “এটা অত্যন্ত শান্তিপ্রিয় এলাকা। এর আগে এ ধরনের ঘটনা ঘটেনি। দোষীদের দ্রুত গ্রেফতার করা হোক।”
খবর পেয়ে বরাহনগর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। সকালের গুলিকাণ্ডে এলাকায় উত্তেজনা ছড়িয়েছে।










