Home / খবর / শিল্প-বাণিজ্য / গ্রীষ্মে বাড়বে বিদ্যুতের চাহিদা, পর্যাপ্ত কয়লা মজুতের আশ্বাস দিল কোল ইন্ডিয়া

গ্রীষ্মে বাড়বে বিদ্যুতের চাহিদা, পর্যাপ্ত কয়লা মজুতের আশ্বাস দিল কোল ইন্ডিয়া

আসন্ন গ্রীষ্মের মরশুমে বিদ্যুতের চাহিদা বাড়লেও তা মেটানোর জন্য পর্যাপ্ত কয়লার জোগান রয়েছে। এমনটাই জানাল দেশের বৃহত্তম কয়লা উৎপাদক সংস্থা কোল ইন্ডিয়া লিমিটেড (সিআইএল)। শুক্রবার সংস্থার পক্ষ থেকে এই আশ্বাস দেওয়া হয়।

সংস্থার তথ্য অনুযায়ী, ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত দেশীয় কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রগুলিতে কয়লার মজুত ছিল প্রায় ৫৫ মিলিয়ন টন (এমটি), যা এই সময়ের নিরিখে সর্বোচ্চ। পাশাপাশি পণ্যবাহী শেড, ওয়াশারি এবং বন্দর মিলিয়ে প্রায় ৫.৫ এমটি কয়লা পরিবহন পর্যায়ে মজুত রয়েছে।

২৬ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত কোল ইন্ডিয়ার উৎপাদনকারী সহযোগী সংস্থাগুলির খনিমুখে প্রায় ১১৫ এমটি কয়লার মজুত ছিল। চলতি আর্থিক বছরের শেষে এই মজুত আরও বাড়বে বলে আশা করা হচ্ছে।

সিআইএল জানিয়েছে, সরবরাহ ব্যবস্থায় তাদের তিন স্তরের বাফার — খনিমুখে মজুত কয়লা, তাপবিদ্যুৎ কেন্দ্রে সঞ্চিত কয়লা এবং খনিতে প্রস্তুত অবস্থায় থাকা উত্তোলনযোগ্য কয়লা — গ্রীষ্মের শুরুতে স্বচ্ছন্দ সরবরাহ নিশ্চিত করছে।

এই তিন উৎস মিলিয়ে মোট প্রায় ১৭৫.৫ এমটি কয়লা সহজলভ্য রয়েছে। সংস্থার দাবি, বিদ্যুতের চাহিদা হঠাৎ বেড়ে গেলেও কিংবা অন্যান্য ক্ষেত্র থেকে অতিরিক্ত চাহিদা এলেও এই মজুত তা সামাল দিতে সক্ষম। ফলে কয়লার ঘাটতি নিয়ে যে আশঙ্কা তৈরি হয়েছিল, তা দূর হবে বলেই মনে করছে সংস্থা।

ফেব্রুয়ারি ২০২৬-এর প্রথম পাক্ষিকের শেষে সিআইএলের মোট বার্ষিক উৎপাদনের ৯০ শতাংশের যোগানদাতা খনিগুলিতে প্রস্তুত অবস্থায় থাকা ইন-সিটু কয়লার পরিমাণ ছিল ৬০.২ এমটি। অর্থাৎ, উপরিস্তরের মাটি অপসারণের মাধ্যমে বিপুল পরিমাণ কয়লা ইতিমধ্যেই উন্মুক্ত করা হয়েছে, যা অল্প সময়ের নোটিসে উত্তোলন ও সরবরাহ করা সম্ভব।

দেশীয় কয়লার প্রাপ্যতা বাড়লে আমদানির প্রয়োজনও কমতে পারে। অন্যদিকে, ২০২৬ সালের ফেব্রুয়ারি পর্যন্ত আন্তর্জাতিক বাজারে কয়লার দাম ঊর্ধ্বমুখী প্রবণতা দেখিয়েছে।

সিআইএলের এক শীর্ষ আধিকারিক বলেন, খনিমুখে মজুত, তাপবিদ্যুৎ কেন্দ্রে সঞ্চিত কয়লা এবং খনিতে প্রস্তুত অবস্থায় থাকা কয়লা—এই সম্মিলিত মজুত সংস্থাকে কার্যকরী দিক থেকে শক্তিশালী নিশ্চয়তা দিচ্ছে।

alternatetext
Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *