কলকাতা: বিশ্ব শিশু দিবস উপলক্ষে বৃহস্পতিবার নীল আলোয় উদ্ভাসিত হল কলকাতার একাধিক প্রতীকী ভবন। বিধানসভা ভবন, বেঙ্গল চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, কলকাতা প্রেস ক্লাব এবং ইউনিসেফের রাজ্য অফিস—সবই নীল আলো জ্বালিয়ে শিশুদের অধিকার রক্ষার বার্তা তুলে ধরল।
ইউনিসেফ জানিয়েছে, এ বছরের উদ্যোগের দুটি মূল থিম—“মাই ডে. মাই রাইটস”, যেখানে শিশুরা নিজেদের অধিকার সম্পর্কে দাবি জানাচ্ছে, এবং “দ্য চাইল্ড ইন মি. মাই প্রমিস টু চিলড্রেন”, যার মাধ্যমে বড়দের শৈশবে ফিরে দেখে শিশুদের প্রতি প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করার আহ্বান জানানো হচ্ছে।
ইউনিসেফের পশ্চিমবঙ্গ প্রধান ড. মঞ্জুর হোসেন বলেন, এই আলোকসজ্জার লক্ষ্য হল প্রতিটি শিশুর জন্য শান্তি, সুযোগ, সমতা, মর্যাদা এবং নিরাপত্তায় ভরা এক পৃথিবী গড়ে তোলার বিষয়ে সচেতনতা বৃদ্ধি করা। সমাজকে শিশুদের অধিকার অটুট রাখার অনুপ্রেরণা দেওয়াই মূল উদ্দেশ্য।

দিবসটি উপলক্ষে ইউনিসেফ পশ্চিমবঙ্গ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থাকে নিয়ে এক বৈঠকের আয়োজন করেছে। শিশুদের ভবিষ্যৎ সুরক্ষায় যৌথ উদ্যোগ, দক্ষতা বৃদ্ধি এবং শ্রেষ্ঠ পদ্ধতি ভাগ করে নেওয়ার বিষয়েই মূলত আলোচনা হয় এই বৈঠকে।










