আসানসোল দক্ষিণ থানার পুলিশের তরফে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ” ফিরে পাওয়া ” কর্মসূচির মাধ্যমে চুরি হওয়া ও হারানো মোবাইল ফোন ফিরিয়ে দেওয়া হয়। এই উপলক্ষে সোমবার সকালে আসানসোলের দক্ষিণ থানার পাশে বর্ধমান ভবনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিলো। যেখানে চুরি যাওয়া এবং হারানো মোট ৬০টি মোবাইল ফোন উদ্ধার করে তা আসল মালিকদের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে। এই অনুষ্ঠানে আসানসোল দুর্গাপুর পুলিশের এসিপি ( সেন্ট্রাল) বিশ্বজিৎ নস্কর, আসানসোল দক্ষিণ থানার ইন্সপেক্টর ইনচার্জ কৌশিক কুণ্ডু, সেকেন্ড অফিসার অনন্যা দে, আসানসোল দক্ষিণ থানার সকল অফিসার এবং সিভিক ভলান্টিয়াররা উপস্থিত ছিলেন।
এই অনুষ্ঠানে বিশ্বজিৎ নস্কর বলেন, এদিন আসানসোল দক্ষিণ থানার পুলিশের চেষ্টার ফলে ৬০টি মোবাইল তাদের আসল মালিকদের কাছে ফেরত দেওয়া হয়েছে। এই মোবাইলগুলি কোনভাবে হারিয়ে বা চুরি হয়ে যায়। আসানসোল দক্ষিণ থানার পুলিশের দক্ষতার কারণে এই মোবাইলগুলি উদ্ধার করা সম্ভব হয়েছে। তিনি আরো বলেন, আগের থেকে অনেক বেশি এইভাবে মোবাইল ফোন উদ্ধার করা হচ্ছে। কৌশিক কুণ্ডু বলেন যে, ৬০ টি মোবাইল ফোন তাদের আসল মালিকদের কাছে ফেরত দেওয়া অত্যন্ত আনন্দের বিষয়। যখনই কারো মোবাইল হারিয়ে যায় বা চুরি হয়ে যায়, তখন নিকটস্থ থানায় তা অভিযোগ দায়ের করা উচিত। যাতে মোবাইলটি উদ্ধার করা যায়।










