Home / বিনোদন / টলিপাড়ায় শোকের ছায়া, প্রয়াত অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়

টলিপাড়ায় শোকের ছায়া, প্রয়াত অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়

টলিপাড়ায় নেমে এল শোকের ছায়া। প্রয়াত হলেন জনপ্রিয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। রবিবার শুটিং করতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ে তাঁর মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৪৩ বছর।

সূত্রের খবর, ‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকের শুটিংয়ের জন্য তালসারিতে গিয়েছিলেন রাহুল। শুটিংয়ের ফাঁকে তিনি জলে নামেন। কিছুক্ষণ পর তাঁকে আর দেখা না গেলে খোঁজ শুরু হয়। পরে টেকনিশিয়ানরা তাঁকে উদ্ধার করেন। প্রাথমিকভাবে অনুমান, জলে ডুবে তাঁর মৃত্যু হয়েছে। দ্রুত তাঁকে দিঘা হাসপাতালে নিয়ে যাওয়া হলেও, চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। দিঘা হাসপাতালেই ময়নাতদন্ত হওয়ার কথা।

সহ-অভিনেতা ভাস্কর বন্দ্যোপাধ্যায় জানান, শুটিং শেষের পর এই মর্মান্তিক ঘটনা ঘটে। তাঁর কথায়, “ঠিক কী ভাবে এমনটা হল, তা এখনও স্পষ্ট নয়। আমরা সকলে মধ্যাহ্নভোজে গিয়েছিলাম, রাহুল আরও কিছু শট দিয়ে আসবেন বলেছিলেন। হঠাৎ এই খবর পেয়ে স্তম্ভিত হয়ে গিয়েছি।”

আর্টিস্ট ফোরামের তরফে দিগন্ত বাগচী জানান, শুটিং শেষ হওয়ার পরই জলে নামেন রাহুল। আচমকা তাঁকে ডুবে যেতে দেখে টেকনিশিয়ানরা চিৎকার শুরু করেন। দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষরক্ষা হয়নি।

১৯৮৩ সালের ১৬ অক্টোবর এক নাট্য পরিবারে জন্ম রাহুলের। খুব ছোট বয়স থেকেই অভিনয়ের সঙ্গে তাঁর যোগ। বাবা বিশ্বনাথ বন্দ্যোপাধ্যায়ের থিয়েটার দল ‘বিজয়গড় আত্মপ্রকাশ’-এর হাত ধরে শিশুশিল্পী হিসেবেই মঞ্চে পা রাখেন তিনি। দীর্ঘ অভিনয়জীবনে শতাধিক নাটক ও মঞ্চাভিনয়ে অংশ নিয়েছেন।

ছোট পর্দা দিয়ে অভিনয়জীবন শুরু করলেও, বড় সাফল্য আসে সিনেমায়। ২০০৮ সালে চিরদিনই তুমি যে আমার ছবিতে অভিনয়ের মাধ্যমে বিপুল জনপ্রিয়তা পান রাহুল। ছবিতে তাঁর বিপরীতে ছিলেন প্রিয়াঙ্কা সরকার। এই ছবিই তাঁকে দর্শকমহলে বিশেষ পরিচিতি এনে দেয়। এরপর একাধিক জনপ্রিয় সিনেমা ও ধারাবাহিকে অভিনয় করে নিজের জায়গা পোক্ত করেন তিনি। টেলিভিশনের ‘দেশের মাটি’ ধারাবাহিকে তাঁর অভিনয় বিশেষভাবে প্রশংসিত হয়।

ব্যক্তিগত জীবনেও একসময় আলোচনায় ছিলেন রাহুল। সহ-অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকারের সঙ্গে তাঁর সম্পর্ক, বিয়ে এবং পরবর্তী সময়ে বিচ্ছেদ— সবই চর্চার কেন্দ্রবিন্দুতে ছিল। পরে ২০২৩ সালে ফের একসঙ্গে পথচলা শুরু করেন তাঁরা। তাঁদের এক পুত্রসন্তানও রয়েছে।

রাহুলের অকাল প্রয়াণে শোকস্তব্ধ টলিউড। সহকর্মী থেকে অনুরাগী— সকলেই তাঁর মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করেছেন। একজন প্রতিভাবান অভিনেতার পাশাপাশি মঞ্চনিষ্ঠ শিল্পীর এই অকাল বিদায়ে বাংলা বিনোদন জগতে অপূরণীয়।

alternatetext
Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *