জামুড়িয়া: জামুরিয়া বিধানসভা কেন্দ্রের বিজপুরে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসের দেওয়ালে তৃণমূল প্রার্থী হরেরাম সিংয়ের নামে ” চোর” লেখা একটি পোস্টার লাগানোকে কেন্দ্র করে গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। এর প্রতিবাদে তৃনমূল কংগ্রেসের কর্মী ও সমর্থকেরা সকালে বিজপুরে পার্টি অফিসের সামনে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান। তারা পুলিশ প্রশাসনের কাছে এর জন্য দায়ী ব্যক্তিদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান।এই প্রসঙ্গে জামুরিয়া তৃণমূল কংগ্রেসের ব্লক ১-এর সভাপতি সুব্রত অধিকারী বলেন, জামুরিয়ার বিধায়ক হরেরাম সিংকে বদনাম করার জন্য এই পোস্টারগুলি বিজেপি, সিপিএম এবং এনসিপি দলের কর্মীরা একজোট হয়ে লাগিয়েছেন।। তিনি আরও বলেন , কিছু বহিরাগত জামুরিয়ায় প্রবেশ করেছে এবং নির্বাচনের আগে ও চলাকালীন অশান্তি সৃষ্টির চেষ্টা করছে। রাজ্য সরকার উন্নয়নের বিরুদ্ধে বিরোধীদের কিছু বলার না থাকায় এই নোংরা রাজনীতি করা হচ্ছে। এই বিষয়ে জামুড়িয়ার বিজেপি প্রার্থী ডঃ বিজন মুখোপাধ্যায় বলেন, এই ঘটনার সাথে বিজেপির কোনও সম্পর্ক নেই। তাঁর দাবি, তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরীণ কোন্দলের কারণেই এই ঘটনাটি ঘটেছে, এর সঙ্গে বিজেপির কোনও সম্পর্ক নেই।বাকি দুই দলের তরফেও তাদের বিরুদ্ধে উঠা অভিযোগ অস্বীকার করা হয়েছে।









