শ্রীলঙ্কার কলম্বোর প্রেমদাসা স্টেডিয়ামে টি-টোয়েন্টি বিশ্বকাপে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে ৬১ রানে হারিয়ে সুপার এইটে পৌঁছে গেল ভারত। ১৭৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে বাবর আজমদের দল গুটিয়ে যায় মাত্র ১১৪ রানে। টি-টোয়েন্টি বিশ্বকাপে এই নিয়ে অষ্টমবার পাকিস্তানকে হারাল ভারত।
টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নিয়েছিলেন পাক অধিনায়ক সলমন আলি আঘা। শুরুতেই অভিষেক শর্মার উইকেট তুলে উচ্ছ্বাসে মাতলেও সেই আনন্দ বেশিক্ষণ টেকেনি। পাল্টা আক্রমণে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন ঈশান কিষান। মাত্র ২৭ বলে অর্ধশতরান পূর্ণ করেন তিনি। পাকিস্তানের পেস ও স্পিন—দুই আক্রমণকেই সমান তালে সামলান বাঁহাতি এই ওপেনার। ১০টি চার ও ৩টি ছক্কায় ৪০ বলে ৭৭ রানের ঝোড়ো ইনিংস ভারতকে শক্ত ভিত দেয়।
তিলক বর্মা ও হার্দিক পাণ্ডিয়া দ্রুত আউট হওয়ায় মাঝপথে খানিকটা চাপে পড়ে ভারত। অধিনায়ক সূর্যকুমার যাদব ৩২ রান করলেও ইনিংস বড় করতে পারেননি। তবে শেষদিকে রিঙ্কু সিং ও শিবম দুবের ঝোড়ো ব্যাটিংয়ে নির্ধারিত ২০ ওভারে ভারতের সংগ্রহ দাঁড়ায় ১৭৫।
জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় পাকিস্তান। প্রথম ওভারেই হার্দিক পাণ্ডিয়ার শিকার সাহিবজাদা ফারহান। পরের ওভারে জশপ্রীত বুমরাহ জোড়া আঘাতে সাইম আয়ুব ও সলমন আলি আঘাকে ফিরিয়ে দেন। পাওয়ারপ্লেতেই ম্যাচের রাশ ভারতের হাতে চলে আসে।
বাবর আজম কিছুটা লড়াইয়ের চেষ্টা করলেও অক্ষর প্যাটেলের বলে সাজঘরে ফেরেন। উসমান খান কিছুটা প্রতিরোধ গড়লেও অন্য প্রান্তে নিয়মিত উইকেট পড়তে থাকে। শাদাব খান ও মহম্মদ নওয়াজকে ফেরান ভারতীয় স্পিনাররা। শেষদিকে শাহিন আফ্রিদির ২৩ রানের ছোট্ট ইনিংস ব্যবধান কিছুটা কমালেও হার এড়ানো যায়নি।
ভারতের হয়ে হার্দিক পাণ্ডিয়া, জশপ্রীত বুমরাহ, অক্ষর প্যাটেল ও বরুণ চক্রবর্তী—প্রত্যেকে নেন দু’টি করে উইকেট। শক্তিশালী বোলিং আক্রমণ ও ঈশান কিষানের বিস্ফোরক ব্যাটিংয়ে পাকিস্তানকে উড়িয়ে দিয়ে বিশ্বকাপের সুপার এইটে জায়গা পাকা করল টিম ইন্ডিয়া।










