Home / খবর / বিশ্ব / বাংলাদেশে ভোটকেন্দ্রে ককটেল বোমা বিস্ফোরণ, গোপালগঞ্জে আহত আনসার সদস্য-সহ তিন

বাংলাদেশে ভোটকেন্দ্রে ককটেল বোমা বিস্ফোরণ, গোপালগঞ্জে আহত আনসার সদস্য-সহ তিন

বাংলাদেশে নির্বাচনের দিন গোপালগঞ্জ সদর উপজেলার একটি ভোটকেন্দ্রে ককটেল বোমা নিক্ষেপের ঘটনায় চাঞ্চল্য। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টা নাগাদ রেশমা ইন্টারন্যাশনাল স্কুলের ভোটকেন্দ্রের বাইরে এই বিস্ফোরণ ঘটে। ঘটনায় আহত হয়েছেন বাংলাদেশের সুরক্ষাবাহিনী ‘আনসার’-এর দুই সদস্য এবং এক নাবালিকা।

আহতরা হলেন আনসার সদস্য সুকণ্ঠ মজুমদার, জামাল হোসেন এবং আমেনা খানম (১৪)। আমেনা এক ভোটারের সঙ্গে কেন্দ্রে এসেছিল বলে জানা গিয়েছে। বিস্ফোরণের পর তাঁদের দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকদের মতে, আহতদের অবস্থা স্থিতিশীল।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, দুর্বৃত্তরা ভোটকেন্দ্রের বাইরে খালের ওপার থেকে ককটেল নিক্ষেপ করে। বিস্ফোরণে কেন্দ্রের মূল ফটক আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছে পুলিশ। তবে এই ঘটনার নেপথ্যে কারা জড়িত, তা এখনও স্পষ্ট নয়।

ভোটকেন্দ্রে দায়িত্বরত উপপরিদর্শক (এসআই) জাহিদুল ইসলাম জানিয়েছেন, সকাল থেকে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছিল। হঠাৎ বিস্ফোরণের শব্দে ভোটারদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনার পর কেন্দ্রটিতে অতিরিক্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়েছে।

প্রশাসনের তরফে জানানো হয়েছে, নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং ভোটগ্রহণ প্রক্রিয়া স্বাভাবিক রয়েছে। ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে।

উল্লেখ্য, গোপালগঞ্জ শেখ হাসিনার রাজনৈতিক দল আওয়ামি লিগের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। তবে এবারের নির্বাচনে আওয়ামি লিগ অংশ নেয়নি। অন্যান্য জেলার তুলনায় গোপালগঞ্জে ভোটদানের হারও কম বলে জানা গিয়েছে। তার মধ্যেই এই বিস্ফোরণের ঘটনা নতুন করে উদ্বেগ বাড়িয়েছে।

alternatetext
Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *