Home / খবর / জেলায় জেলায় / বিবেকানন্দ পার্কে ভিড় বাড়ছে, সুন্দরবনে নতুন আকর্ষণ আমতলী

বিবেকানন্দ পার্কে ভিড় বাড়ছে, সুন্দরবনে নতুন আকর্ষণ আমতলী

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়: সুন্দরবনের প্রত্যন্ত গ্রাম আমতলীতে গড়ে ওঠা অত্যাধুনিক বিবেকানন্দ পার্ক এখন ভ্রমণপিপাসু মানুষের কাছে ক্রমশ আকর্ষণের কেন্দ্র হয়ে উঠছে। গোসাবা বিধানসভা কেন্দ্রের এই গ্রাম দীর্ঘদিন ধরেই জঙ্গল ও নদীনির্ভর জীবনযাত্রার জন্য পরিচিত। যেখানে জলে কুমির আর ডাঙায় বাঘের আতঙ্ক নিত্যসঙ্গী, সেখানেই গড়ে উঠেছে শহুরে ছোঁয়ায় সাজানো একটি সুসজ্জিত পার্ক।

এলাকার অধিকাংশ মানুষ জীবিকা নির্বাহ করেন কৃষিকাজ ও মাছ-কাঁকড়া ধরার উপর নির্ভর করে। প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে নদী ও জঙ্গলে পাড়ি দেন মৎস্যজীবীরা। সেই কঠিন জীবনসংগ্রামের মাঝেও গ্রামের বুকে তৈরি হয়েছে এমন এক পরিকাঠামো, যা শহরের পার্ককেও টেক্কা দিতে পারে।

বিবেকানন্দ পার্কে শিশুদের জন্য রয়েছে আধুনিক খেলাধুলার নানা সরঞ্জাম। পাশাপাশি বয়স্কদের বসে সময় কাটানোর জন্য মনোরম পরিবেশ, নানান রকমের শোভনীয় ফুল ও পরিচ্ছন্ন পরিসর তৈরি করা হয়েছে। সকাল-বিকেল ৮ থেকে ৮০—সব বয়সের মানুষই এখানে ভিড় জমাচ্ছেন।

স্থানীয় পঞ্চায়েত প্রধান জানান, শহরের মতো সুযোগ-সুবিধা গ্রামেও গড়ে তোলার লক্ষ্যেই এই উদ্যোগ। তাঁর কথায়, “গ্রামের পরিবেশও যে আধুনিকভাবে সাজানো যায়, আমরা তা করে দেখিয়েছি। আগামী প্রজন্মের জন্য উন্নত পরিবেশ গড়ে তুলতেই এই প্রচেষ্টা।” তিনি আরও জানান, এলাকায় রাস্তার ধারে বৈদ্যুতিক আলো বসানো হয়েছে, প্রতিটি বাড়িতে পানীয় জলের ব্যবস্থাও করা হয়েছে।

বিভিন্ন সরকারি প্রকল্পের সহায়তার পাশাপাশি ব্যক্তিগত উদ্যোগেও এই পার্ক গড়ে তোলা হয়েছে বলে জানা গেছে। সুন্দরবনের প্রত্যন্ত অঞ্চলে এমন উদ্যোগ নিঃসন্দেহে নতুন দিগন্ত খুলে দিয়েছে। ফলে স্থানীয়দের পাশাপাশি বাইরের ভ্রমণপ্রেমীদের কাছেও ক্রমশ জনপ্রিয় হয়ে উঠছে আমতলীর বিবেকানন্দ পার্ক।

alternatetext
Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *