শনিবার সকালে টলিউড সুপারস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাড়িতে পৌঁছন কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তাঁর সঙ্গে ছিলেন বিজেপি নেতা ও অভিনেতা রুদ্রনীল ঘোষ। খবর ছড়াতেই টলিউডে শুরু হয় জল্পনা—ভোটের আগে কি নতুন কোনও রাজনৈতিক সমীকরণ তৈরি হতে চলেছে? তবে সংশ্লিষ্ট মহল জানিয়েছে, এই সাক্ষাৎ একেবারেই সৌজন্যমূলক।
জানা গিয়েছে, সম্প্রতি পদ্মশ্রী সম্মান পাওয়ায় প্রসেনজিৎকে শুভেচ্ছা জানাতেই তাঁর বাড়িতে যান সুকান্ত মজুমদার ও রুদ্রনীল ঘোষ। এদিন অভিনেতার হাতে একটি রামলালার মূর্তি তুলে দেন সুকান্ত। সূত্রের খবর, বেশ কিছুক্ষণ প্রসেনজিতের বাড়িতে ছিলেন তাঁরা। মূলত সিনেমা, অভিনয় ও ফিল্ম ইন্ডাস্ট্রি নিয়েই আলোচনা হয়েছে। পাশাপাশি হালকা মেজাজে রাজ্য ও দেশের সামগ্রিক পরিস্থিতি নিয়েও কথাবার্তা হয়।
উল্লেখ্য, কয়েক সপ্তাহ আগেই টলিউডের প্রবীণ অভিনেতা রঞ্জিত মল্লিকের বাড়িতে গিয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই ঘটনার পর থেকেই টলিউডে রাজনৈতিক যোগাযোগ নিয়ে আলোচনা চলছিল। তারই মধ্যে প্রসেনজিতের বাড়িতে সুকান্তদের যাওয়া নতুন করে জল্পনা বাড়িয়েছে।
তবে বাড়ি থেকে বেরিয়ে সুকান্ত মজুমদার স্পষ্ট করেন, “এই সাক্ষাৎ একেবারেই রাজনৈতিক নয়। সব কিছুর পিছনে রাজনীতি খোঁজা ঠিক নয়। শিক্ষা বা ফিল্ম ইন্ডাস্ট্রিকে নিয়ে রাজনীতি না করাই ভালো। রাজনৈতিক আগ্রাসন থেকে সিনেমাকে দূরে রাখা উচিত। পদ্মশ্রী পাওয়ার জন্য প্রসেনজিৎকে শুভেচ্ছা জানাতেই এসেছিলাম। তাঁর নতুন ছবিও ভালো ব্যবসা করছে। উত্তরোত্তর তাঁর সাফল্য কামনা করি।”










