Home / খবর / জেলায় জেলায় / বাসন্তীতে গোষ্ঠী সংঘর্ষ, আহত অন্তত ২০, এলাকায় মোতায়েন বিশাল পুলিশ বাহিনী

বাসন্তীতে গোষ্ঠী সংঘর্ষ, আহত অন্তত ২০, এলাকায় মোতায়েন বিশাল পুলিশ বাহিনী

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, বাসন্তী: বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে, ততই দক্ষিণ ২৪ পরগনায় শাসক তৃণমূল কংগ্রেসের অন্দরে গোষ্ঠী দ্বন্দ্ব প্রকট হচ্ছে বলে অভিযোগ। ঘটনায় প্রকাশ, সুন্দরবনের জয়নগর লোকসভা এলাকার বাসন্তী ব্লকের আমঝাড়া গ্রাম পঞ্চায়েতের ঢুড়ি বাজারে তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষে আহত হয়েছেন অন্তত ২০ জন কর্মী। ঘটনার পর এলাকায় মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী।

পুলিশ সূত্রে জানা গেছে, দুই পক্ষের মধ্যে দীর্ঘদিনের বিবাদের জেরেই বৃহস্পতিবার বিকেলে সংঘর্ষ বাঁধে। খবর পেয়ে বাসন্তী থানার আইসি অভিজিত পালের নেতৃত্বে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছয়। পরিস্থিতি সামাল দিতে পুলিশকে বেগ পেতে হয়। অভিযোগ, পুলিশের সামনেই দুই পক্ষ একে অপরের দিকে ইট-পাথর ছুড়তে থাকে।

স্থানীয় সূত্রে জানা গেছে, এলাকায় আজাদ কয়াল ও মুর্শিদ শেখের মধ্যে দীর্ঘদিন ধরে বিবাদ চলছিল। অভিযোগ, বৃহস্পতিবার আচমকা মুর্শিদ ও তাঁর সমর্থকদের উপর হামলা চালায় আজাদের অনুগামীরা। যদিও আজাদ কয়ালের দাবি, প্রথমে তাঁদের উপরই আক্রমণ করা হয়েছিল, তার পরেই পাল্টা প্রতিরোধ গড়ে তোলা হয়। মুহূর্তের মধ্যে উত্তপ্ত হয়ে ওঠে ঢুড়ি বাজার এলাকা।

পুলিশ জখমদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠিয়েছে। শুক্রবারও এলাকায় কড়া পুলিশি নজরদারি চলছে। গ্রামে বসানো হয়েছে পুলিশ পিকেট। ঘটনার তদন্ত শুরু করেছে বাসন্তী থানার পুলিশ এবং অভিযুক্তদের খোঁজে তল্লাশি অভিযান চলছে। পরিস্থিতির উপর কড়া নজর রাখছেন পুলিশ আধিকারিকরা।

তবে এটিকে তৃণমূল কংগ্রেসের গোষ্ঠী কোন্দল বলে মানতে নারাজ বাসন্তীর বিধায়ক শ্যামল মণ্ডল। তাঁর দাবি, এটি পারিবারিক অশান্তির জেরে ঘটে যাওয়া ঘটনা, এর সঙ্গে দলের কোনও যোগ নেই।

alternatetext
Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *