রবিবার আসানসোল ইএসআই হাসপাতালে পরিদর্শনে আসেন ইএসআই-এর ডিজি অলক সিং।
দিল্লি থেকে এসে তিনি হাসপাতালের পরিকাঠামো খতিয়ে দেখেন এবং এখানেই একটি মেডিকেল কলেজ গড়ে তোলার জন্য প্রয়োজনীয় নথিপত্র ও অনুমোদন প্রদান করেন।
আধানপোল ইএসআই হাসপাতাল চত্বরেই প্রাথমিকভাবে ৫০ আসনের একটি মেডিকেল কলেজ চালুর জন্য ‘মেডিকেল এসেনশিয়াল সার্টিফিকেট’ দেওয়া হয়েছে। ন্যাশনাল মেডিকেল কাউন্সিলের গাইডলাইন অনুযায়ী, আসানসোল ইএসআই হাসপাতালে পর্যাপ্ত চিকিৎসক ও পরিকাঠামো রয়েছে বলে জানিয়েছেন মেডিকেল এডুকেশনের অধিকর্তা।
রাজ্য সরকারের অনুমতির পর ন্যাশনাল মেডিকেল কাউন্সিলের চূড়ান্ত অনুমোদন মিললেই মেডিকেল পড়ুয়াদের ভর্তি প্রক্রিয়া শুরু হবে বলে হাসপাতাল কর্তৃপক্ষ আশাবাদী।
এ বিষয়ে রাজ্যের শ্রম ও আইনমন্ত্রী মলয় ঘটক বলেন, “মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে আসানসোলবাসীর আরও একটি স্বপ্ন পূরণ হতে চলেছে।
রাজ্য সরকারের মেডিকেল এডুকেশন ডিরেক্টর ইতিমধ্যেই মেডিকেল কলেজ গঠনের অনুমতি দিয়েছেন।”
তিনি আরও জানান, ইএসআই হাসপাতাল চত্বরে নতুন যে ভবন নির্মিত হয়েছে, সেখানেই এই মেডিকেল কলেজটি চালু হবে। কলকাতার জোকা ইএসআই মেডিকেল কলেজের সঙ্গে কিছু কাঠামোগত পার্থক্য থাকলেও, আসানসোলের মেডিকেল কলেজটি ইএসআইসি দ্বারা পরিচালিত হবে এবং সংযুক্ত ইএসআই হাসপাতালটি রাজ্য শ্রম দপ্তরের অধীনেই থাকবে।
উল্লেখ্য, আসানসোল ইএসআই হাসপাতালের পরিকাঠামো উন্নয়ন নিয়ে দীর্ঘদিন ধরেই কেন্দ্র ও রাজ্যের মধ্যে টানাপোড়েন চলছিল। বিজেপি ও তৃণমূল কংগ্রেস একে অপরের বিরুদ্ধে দায় চাপালেও, শেষ পর্যন্ত কেন্দ্রের উদ্যোগ ও রাজ্যের দ্রুত অনুমোদনে মেডিকেল কলেজ গঠনের পথ প্রশস্ত হল।










