Home / খবর / জেলায় জেলায় / বেতন বৃদ্ধি সম্ভব নয়, পিএফের টাকা দ্রুত জমা হবে, সাফাইকর্মীদের আন্দোলন নিয়ে মুখ খুললেন আসানসোলের মেয়র

বেতন বৃদ্ধি সম্ভব নয়, পিএফের টাকা দ্রুত জমা হবে, সাফাইকর্মীদের আন্দোলন নিয়ে মুখ খুললেন আসানসোলের মেয়র

আসানসোল পৌরনিগমের সাফাইকর্মীরা বেতন বৃদ্ধি সহ চার দফা দাবির সমর্থনে গতকাল থেকে কলম বন্ধ করে আন্দোলনে নেমেছেন। আজও তাঁরা পৌরনিগম কার্যালয়ে এসে বিক্ষোভে অংশ নেন।

এদিন পৌরনিগম কার্যালয়ে উপস্থিত ছিলেন আসানসোলের মেয়র বিধান উপাধ্যায়।
সাফাইকর্মীদের চার দফা দাবি নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মেয়র বিধান উপাধ্যায় জানান, প্রায় এক বছর আগেই সাফাইকর্মীদের বেতন বৃদ্ধি করা হয়েছে। বর্তমান পরিস্থিতিতে নতুন করে বেতন বৃদ্ধি করা সম্ভব নয় বলে তিনি স্পষ্ট করে দেন।

প্রভিডেন্ট ফান্ডের টাকা নিয়ে সাফাইকর্মীদের অভিযোগ প্রসঙ্গে মেয়র বলেন, ২০২৫ সালের মার্চ মাস পর্যন্ত পিএফ-এর টাকা তাঁদের অ্যাকাউন্টে জমা দেওয়া হয়েছে। এরপর কিছু প্রযুক্তিগত সমস্যার কারণে টাকা জমা পড়েনি। তবে সেই সমস্যা ইতিমধ্যেই সমাধান করা হয়েছে এবং খুব শীঘ্রই আবার পিএফের টাকা জমা দেওয়া শুরু হবে বলে তিনি আশ্বাস দেন।

সাফাইকর্মীদের ক্যাজুয়াল ওয়ার্কার হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবির বিষয়ে মেয়র জানান, এই বিষয়টি নিয়ে বৈঠক করতে হবে। আলোচনা ছাড়া এই বিষয়ে কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয়।

অন্যদিকে ‘আমার পাড়া, আমার সমাধান’ প্রকল্প নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মেয়র বিধান উপাধ্যায় বলেন, এই প্রকল্পের আওতায় আসানসোল পৌরনিগমে মোট ৩৬০০টি কাজের জন্য আবেদন জমা পড়েছে। এর মধ্যে ৭০০টি কাজের টেন্ডার ইতিমধ্যেই হয়ে গিয়েছে এবং কাজ শুরু হয়ে গেছে।

ফান্ড সংক্রান্ত প্রশ্নের উত্তরে তিনি জানান, রাজ্য সরকারের পক্ষ থেকে বর্তমানে ১০০০টি কাজের জন্য অর্থ বরাদ্দ করা হয়েছে। তবে নির্বাচন শুরু হওয়ার আগেই বাকি সব মিলিয়ে ৩৬০০টি কাজ সম্পন্ন করার জন্য পর্যাপ্ত অর্থ বরাদ্দ করা হবে বলে তিনি আশ্বাস দেন।

ঠিকাদারদের উদ্দেশ্যে তিনি বলেন, অর্থের অভাবে কোনও কাজ বন্ধ হবে না।
এছাড়াও সাফাইকর্মীদের আন্দোলনের পেছনে কোনও রাজনৈতিক ষড়যন্ত্র রয়েছে কি না—এই প্রশ্নের জবাবে মেয়র স্পষ্টভাবে বলেন, এটি সম্পূর্ণ ভিত্তিহীন। সাফাইকর্মীদের নিজস্ব কিছু দাবি রয়েছে, যা তাঁরা কর্তৃপক্ষের সামনে তুলে ধরছেন। নিজেদের দাবি জানানো তাঁদের পূর্ণ অধিকার এবং এর সঙ্গে কোনও রাজনৈতিক উদ্দেশ্য জড়িত নয়।

alternatetext
Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *